ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) সম্প্রতি টোল ফি মকুব সংক্রান্ত একটি নতুন তালিকা প্রকাশ করেছে। তালিকাটি অনুযায়ী, নির্দিষ্ট কিছু ব্যক্তি ও গুরুত্বপূর্ণ পরিষেবা-সংক্রান্ত যানবাহনই কেবলমাত্র টোল ছাড়ের আওতায় থাকবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল জরুরি ও দাপ্তরিক গমনাগমনকে সহজ এবং দ্রুততর করে তোলা।
অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর গাড়ি সহ অন্যান্য জরুরি পরিষেবার যানবাহন নির্দিষ্টভাবে টোল ফ্রি থাকবে। গন্তব্যে দ্রুত পৌঁছনোর প্রয়োজনীয়তা মাথায় রেখেই এই নিয়ম চালু করা হয়েছে।
রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, লোকসভার স্পিকার এবং সুপ্রিম ও হাইকোর্টের প্রধান বিচারপতির মতো পদে কর্মরত ব্যক্তিরা তাঁদের দাপ্তরিক সফরের সময় টোলমুক্ত সুবিধা পাবেন। সাংসদ (MP) ও বিধায়ক (MLA)-রা তাঁদের সরকারি কাজের উদ্দেশ্যে যাতায়াতের সময় টোল ফি দিতে হবে না।
কর্তব্যরত অবস্থায়, ইউনিফর্ম পরিহিত সেনা, পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্যদের যানবাহন টোল ফি থেকে ছাড় পাবে। তবে ব্যক্তিগত সফরে থাকলে এই সুবিধা প্রযোজ্য নয়। যাঁদের বৈধ প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে, তাঁরা তাঁদের নিজস্ব বিশেষ যানবাহনে ভ্রমণের সময় টোল ফি মুকুবের সুবিধা পাবেন। কিছু রাজ্য সরকার কৃষকদের জন্য টোল ছাড়ের ব্যবস্থা করেছে। তবে এই সুবিধা রাজ্যভেদে পরিবর্তিত হতে পারে, তাই কৃষকদের তাঁদের রাজ্যের প্রযোজ্য নিয়ম যাচাই করে নিতে হবে।
অনেক সাধারণ মানুষের মধ্যে এই ধারণা রয়েছে যে, যদি দুটি টোল প্লাজার দূরত্ব ৬০ কিলোমিটারের কম হয়, তবে টোল ফি দিতে হবে না। তবে NHAI এই বিষয়টি নিয়ে স্পষ্ট জানিয়েছে, এমন কোনও সার্বজনীন নিয়ম নেই। টোল আদায়ের বিষয়টি নির্ভর করে প্রকল্পের চুক্তি, বৈধতা এবং সংশ্লিষ্ট শর্তাবলীর ওপর। এই নির্দেশিকা অনুযায়ী, টোল আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং যাঁরা প্রকৃতপক্ষে ছাড় পাওয়ার যোগ্য, তাঁরা সেই সুবিধা সহজে উপভোগ করতে পারবেন।







