চাকরিরাজ্য

নতুন নির্দেশিকা: অপরাধে জড়ালে বন্ধ হতে পারে সরকারি কর্মীর অবসর ভাতা

চাকরির গাফিলতিতে পেনশন ও গ্র্যাচুইটি বন্ধ হতে পারে, কেন্দ্রের নতুন নির্দেশে উদ্বেগ কর্মীদের মধ্যে
নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। নির্দেশে জানানো হয়েছে, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী যদি কাজে গাফিলতি করেন বা কোনও অপরাধে যুক্ত থাকেন, তাহলে তাঁর অবসরকালীন সুবিধা অর্থাৎ পেনশন ও গ্র্যাচুইটি সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ করে দেওয়া যেতে পারে।

সরকারি কর্মীদের আর্থিক সুরক্ষার অন্যতম ভরসা হল পেনশন এবং গ্র্যাচুইটি। কিন্তু এই নতুন নিয়মে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যেই কর্মী মহলে উদ্বেগ ছড়িয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মচারী যদি চাকরির মেয়াদকালে প্রশাসনিক বা বিচার বিভাগীয় তদন্তে দোষী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা নিতে পারবে কর্তৃপক্ষ। গ্র্যাচুইটি ও পেনশন বন্ধের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে সেই নিয়োগকারী সংস্থার প্রধানের কাছে। একই সঙ্গে বিভাগীয় সচিবরাও প্রয়োজন অনুযায়ী এই সিদ্ধান্ত নিতে পারবেন।

এছাড়াও, যদি কোনও কর্মচারী ইতিমধ্যেই পেনশন বা গ্র্যাচুইটির অর্থ গ্রহণ করে থাকেন এবং পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে সেই অর্থ ফেরত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে বলে নির্দেশে উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন দপ্তরকে স্পষ্ট নির্দেশ দিয়েছে, চাকরির মেয়াদে যদি কোনও কর্মচারী দায়িত্বে গাফিলতি করেন বা অপরাধে যুক্ত থাকেন, তাহলে যেন দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।

তবে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতামত নেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে, যাঁদের পেনশন ৯ হাজার টাকার কম, তাঁদের এই নিয়মের বাইরে রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.