নিত্যদিনের মত রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পথিক। তবে একটি লাল ট্রলি তাকে হাড়হিম অভিজ্ঞতার সম্মুখীন করাবে তা তিনি কখনো ভাবতে পারেননি। ফের রাজ্যে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার মৃতদেহ। এবার ঘটনা উত্তর দিনাজপুরের। ইসলামপুর থানার সোনাখোদা অঞ্চলের বাইপাশ সংলগ্ন ভুট্টা ক্ষেতে মিলল দেহ।
ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাবার সময় ভুট্টা ক্ষেতে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন। তাতেই কার্যত সন্দেহ জাগে তার মনে। ফলন্ত আশেপাশের স্থানীয় লোকজনকে ডেকে আনেন তিনি। লোকজন এসে টলি ব্যাগ দেখে পুলিশকে তা জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলি ব্যাগটি উদ্ধার করে, পাশাপাশি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর,ইসলামপুরের সোনাখদা অঞ্চলে বাইপাশের কাছে একটি ভুট্টা খেতে, ট্রলি ব্যাগ থেকে মৃত দেহ উদ্ধার হয়েছে। তবে মৃতের নাম পরিচয় সনাক্ত করা যায়নি। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অমিত পাল জানান, “আমি বাজার যাচ্ছিলাম। সেই সময় এত বড় একটা লাল রঙের ট্রলি দেখলাম। একটু সন্দেহ হয়েছিল। এরপর চলে যাই সেখান থেকে। বাজার থেকে মাছ কিনি। তারপর বাড়ি ফিরি। শুনতে পাই যে বডি পাওয়া গেছে। এই প্রথম এমন ঘটনা দেখলাম।”







