আইপিএলের গুরুত্বপূর্ণ সময়ে দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেওয়ার কথা থাকলেও অনিশ্চয়তার মুখে পড়েছে মুস্তাফিজুর রহমানের মাঠে নামা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দিয়েছে, মুস্তাফিজ কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেউই এখনও এনওসির জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেননি। ফলে আইপিএলের ম্যাচগুলোতে তাঁর অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী স্পষ্ট করেছেন, “মুস্তাফিজ আমাদের জাতীয় টি-টোয়েন্টি দলে রয়েছে এবং তার দল ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে রওনা হয়েছে। আমরা এখনো এনওসি চেয়ে কোনো আনুষ্ঠানিক আবেদন পাইনি।” বিষয়টি বিস্ময়ের জন্ম দিয়েছে, কারণ সাধারণত কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার আগে আইপিএল কর্তৃপক্ষ এনওসি নিশ্চিত করেই ঘোষণা দেয়।
অবস্থাটি আরও জটিল হয়ে উঠেছে কারণ বাংলাদেশের সামনে রয়েছে দুটি আন্তর্জাতিক সিরিজ—১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতে এবং এরপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসের আইপিএল সূচিতে রয়েছে ১৮, ২১ ও ২৪ মে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সম্ভাব্য প্লে-অফ।
জাতীয় দায়িত্ব বনাম ফ্র্যাঞ্চাইজি লিগ—এ দ্বন্দ্বে কোন পথে হাঁটবেন ‘দ্য ফিজ’? বিসিবির অনাপত্তি ছাড়পত্র না মিললে হয়তো এই আইপিএল মরসুম তাঁকে গ্যালারিতেই কাটাতে হতে পারে।







