‘হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী/ তিনজনেতে জট্লা করে ফোক্লা হাসির পাল্লা দি’ – কৌশিক সেনের গলায় সুকুমার রায়ের চেনা কবিতা। কিন্তু দৃশ্যপট একেবারেই হাসির নয়। মুষলধারে বৃষ্টি আর আঁধার নামা আকাশে এক মুখ ঢাকা খুনি পিছু নিয়েছে এক তরুণীর। চৌবাচ্চার জলে চুবিয়ে নৃশংসভাবে খুন করা হলো তাকে।
গত ২৫ মে মুক্তি পাওয়া সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘ম্যাডাম সেনগুপ্ত’-এর টিজারের শুরুটা এমনই গা ছমছমে। আর এই ভয় ধরানো দৃশ্যের পরেই দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্তকে, যিনি ছবিতে বিখ্যাত কার্টুনিস্ট অনুরেখা সেনগুপ্ত অর্থাৎ ‘ম্যাডাম সেনগুপ্ত’-এর ভূমিকায়। তার মেয়ের বাংলা বিশ্ববিদ্যালয়ে নৃশংস খুনের পেছনে লুকিয়ে থাকা সত্য উদঘাটনে তিনি নেমে পড়েছেন এক বিপজ্জনক খেলায়। এই খুনের রহস্যের আড়ালে রয়েছে গোপন এজেন্ডা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং পারিবারিক ভাঙনের এক ছায়াময় কাহিনি।
টিজারে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ থেকে ধ্রুপদী ব্যঙ্গাত্মক কবিতা ‘আহ্লাদী’র ব্যবহার বিশেষভাবে নজর কেড়েছে। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের বন্ধু হিসেবে দেখা যাবে রাহুল বোসকে। এছাড়াও রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, খরাজ মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ অভিনেতারা। নন্দী মুভিজের প্রযোজনায় তৈরি এই মার্ডার মিস্ট্রি ছবিটি মুক্তি পাবে আগামী ৪ জুলাই। এক কার্টুনিস্ট কীভাবে নিজের মেয়ের খুনের তদন্তভার হাতে নিয়ে জড়িয়ে পড়বেন রহস্যের জালে, তা দেখতে অপেক্ষা করতে হবে আর কটা দিন।







