টলিউড ও বলিউডের চেনা মুখ অভিনেতা সোহম মজুমদার এবার জুটি বাঁধছেন বাংলা ও হিন্দি ধারাবাহিকে নজর কাড়া অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, রাজা চন্দের পরিচালনায় জি ফাইভের জন্য একটি নতুন ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন এই দুই তারকা। সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ওয়েব সিরিজের শুটিং। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন দেবচন্দ্রিমা ও সোহম, যেখানে দেখা গিয়েছে, আউটডোর লোকেশনে চলছে শুটিং। সেই ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে তাঁদের অনুরাগীদের মধ্যে।
সিঙ্গুর থেকে কলকাতা হয়ে মুম্বই, অভিনয়জীবনের প্রতিটি ধাপে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন দেবচন্দ্রিমা। বাংলা ধারাবাহিক ও ওয়েব সিরিজে নজরকাড়া অভিনয়ের পর এখন হিন্দি ধারাবাহিকেও নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এর আগে ‘পরিণীতা’ ও ‘প্রেমে পড়া বারণ’-এর মতো জনপ্রিয় সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অন্যদিকে সোহম মজুমদারও নিজের অভিনয় দক্ষতায় জয় করেছেন দর্শকের মন। বলিউডে ‘কবীর সিং’ ও ‘সিটাডেল হানিবানি’-তে অভিনয়ের পাশাপাশি টলিউডে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘পাটালিগঞ্জের পুতুলখেলা’, ‘মায়া সত্য ভ্রম’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। এখন অপেক্ষা রাজা চন্দের নতুন এই প্রজেক্টে সোহম-দেবচন্দ্রিমা জুটির রসায়ন দেখার। ওয়েব সিরিজটি ঠিক কবে মুক্তি পাবে, তা এখনও ঘোষণা হয়নি। তবে দর্শকমহলে ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়ছে।







