গত সপ্তাহে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’ সিনেমা চলাকালীন আচমকা স্ক্রিনে দেখা যায় আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র একটি ঝলক। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে পড়ে সেই ঝলক, যা ঘিরে উন্মাদনা তুঙ্গে ওঠে দর্শকদের মধ্যে। এই ঝলকের পর এবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ‘পরম সুন্দরী’ ছবির ৫৬ সেকেন্ডের টিজার। টিজারের শুরুতেই নজর কাড়ে সিদ্ধার্থ মালহোত্রার পেশিবহুল চেহারা এবং জাহ্নবী কাপুরের স্নিগ্ধ উপস্থিতি। পাশাপাশি, কেরলের প্রাকৃতিক সৌন্দর্যও টিজারে এক অনন্য আবহ তৈরি করেছে।
টিজার দেখে স্পষ্ট, দক্ষিণ ভারতীয় প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির কাহিনি। অনেক দর্শক ইতিমধ্যেই গল্পের ভবিষ্যৎবাণী করে ফেলেছেন। কেউ কেউ বলছেন, একজন তরুণ কেরালায় ভ্রমণে গিয়ে এক মেয়ের প্রেমে পড়ে যান, এইভাবেই শুরু হয় রোমান্টিক গল্প। তবে বিতর্কও ছাড়েনি টিজারকে ঘিরে। কেউ কেউ ছবির প্লটের সঙ্গে ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মিল খুঁজে পেয়ে মন্তব্য করেছেন,”এটা যেন জেন জি-এর চেন্নাই এক্সপ্রেস!” অন্য এক দর্শক টিপ্পনি কেটে লেখেন,”আমরা কিন্তু চেন্নাই এক্সপ্রেস আগেই দেখেছি, এটা আর কেন দেখব?”
তবে অনেকেই আবার জাহ্নবী ও সিদ্ধার্থের অনস্ক্রিন কেমিস্ট্রির প্রশংসা করে লিখেছেন,”দুজনকেই দেখতে ভীষণ ভালো লাগছে। আশা করি গল্পটাও জমজমাট হবে।” এক দর্শক মন্তব্য করেছেন,”ভালো রোমান্টিক কমেডির জন্য অভিনয়ের জাঁকজমক দরকার নেই, তবে দয়া করে পুরনো সিনেমার গল্প আবার দেখাবেন না।” উল্লেখ্য, ‘পরম সুন্দরী’ ছবিটি আগামী ২৫ জুলাই বড়ো পর্দায় মুক্তি পাবে। সিনেমাটি যদি বক্স অফিসে সাফল্য পায়, তাহলে এটি জাহ্নবী ও সিদ্ধার্থ উভয়ের কেরিয়ারের জন্যই গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা ও দর্শকেরা।







