হ্যারি পটার ভক্তদের জন্য এল এক দারুণ সুখবর। প্রায় এক দশকেরও বেশি সময় পর আবারও ফিরছে জাদু, বন্ধুত্ব ও অ্যাডভেঞ্চারে ভরপুর হ্যারি পটারের গল্প। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও (HBO) আনছে ‘হ্যারি পটার’ সিরিজের নতুন সংস্করণ, যেখানে থাকছেন একদম নতুন মুখেরা। এইচবিও অফিসিয়ালি ঘোষণা করেছে নতুন সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে হ্যারি, হারমায়নি ও রনের চরিত্রে অভিনয় করার জন্য তিনজন নতুন অভিনেতাকে। হ্যারি পটারের ভূমিকায় থাকছেন ডমিনিক ম্যাকলাফলিন (Dominic MafLoughlin), হারমায়নি গ্রেঞ্জারের চরিত্রে আরবেলা স্ট্যানটন (Arabella Stanton) এবং রন উইজলি হিসেবে দেখা যাবে আলাস্টার স্টাউট (Alasdair Stout)-কে।
এই তিনজনকে নিয়ে এইচবিও-র অফিসিয়াল বিবৃতিতে লেখা হয়েছে,”প্রিয় মিস্টার পটার, মিস গ্রেঞ্জার এবং মিস্টার উইজলি, আপনাদের জানাতে পেরে আনন্দিত যে আপনাদের হগওয়ার্টস স্কুল অফ উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ডরিতে ভর্তি করা হয়েছে।” সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হল, এই তিনটি প্রধান চরিত্রের জন্য প্রায় ৩০ হাজারেরও বেশি অভিনেতা অডিশন দিয়েছিলেন। এত বড়ো প্রতিযোগিতার মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে নতুন হ্যারি, রন ও হারমায়নিকে। প্রসঙ্গত, ২০০১ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘হ্যারি পটার’ চলচ্চিত্র ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সোর্সেরেস স্টোন’ (Harry Potter and the Sorcerer’s Stone) এবং ২০১১ সালে শেষ পর্ব ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস – পার্ট ২’ (Harry Potter and the Deathly Hallows – Part 2) মুক্তি পায়। এই দীর্ঘ সিরিজে অভিনয়ের মাধ্যমে ড্যানিয়েল র্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্ট বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন।
তবে নতুন সিরিজে চরিত্রগুলোর পুনরায় কাস্টিং হওয়ায় দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে। অনেকেই বড়ো হয়ে ওঠার সঙ্গে সঙ্গে নিজেদের শৈশবের হ্যারি, রন ও হারমায়নির সঙ্গে একাত্ম হয়ে পড়েছেন। তাই নতুন মুখগুলিকে গ্রহণ করাও দর্শকদের জন্য একপ্রকার আবেগের পরীক্ষাই হতে চলেছে। এই নতুন সিরিজটি ঠিক কবে মুক্তি পাবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই ঘোষণার পরেই বিশ্বজুড়ে হ্যারি পটার অনুরাগীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আসছে আবার হ্যারি পটার, একেবারে নতুন রূপে, তাই প্রস্তুত হোন আবারও হগওয়ার্টসের জাদুময় যাত্রার জন্য!







