বিনোদন

‘মেট্রো ইন দিনো’-ছবিতে প্লেব্যাকের মাধ্যমে গায়ক হিসেবে আত্মপ্রকাশ আদিত্য রায় কাপুর-এর

পর্দায় তাঁর ক্যারিশমা এবং অভিনয় দক্ষতা দিয়ে বহুবার দর্শকদের মুগ্ধ করেছেন আদিত্য রায় কাপুর। ‘আশিকি ২’, ‘কলঙ্ক’, ‘লুডো’ কিংবা সম্প্রতি ‘দ্য নাইট ম্যানেজার’-সর্বত্রই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তবে এবার একদম নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। আদিত্যর অনুরাগীদের জন্য রয়েছে বড় চমক। এবার তাঁরা দেখতে পাবেন গায়ক আদিত্যকে। আসন্ন ছবি ‘মেট্রো ইন দিনো’-র জন্য গান গেয়েছেন আদিত্য রায় কাপুর। এই ছবিতে শুধুমাত্র অভিনয় নয়, প্লেব্যাক সিঙ্গার হিসেবেও দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুম্বইয়ে ‘জামানা লাগে’ গানটির লঞ্চ ইভেন্টে এই তথ্য প্রকাশ্যে এনেছেন ছবির সুরকার প্রীতম। তিনি জানিয়েছেন,”এই ছবিতে আদির উপর যে গানগুলো রয়েছে, সেগুলো ও নিজেই গেয়েছে। ওর গানের গলা দারুণ।”

এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই ছবিটি ঘিরে দর্শকদের উত্তেজনা আরও বেড়েছে। অনুষ্ঠানে উপস্থিত আদিত্য রায় কাপুর নিজেও জানিয়েছেন, এই প্রজেক্টটি তাঁর কাছে অত্যন্ত বিশেষ। তাঁর কথায়, ‘‘এটা আমার জন্য খুব স্পেশ্যাল। আমি আগের ছবিটির (লাইফ ইন আ মেট্রো) দারুণ বড় ফ্যান। ফলে এই ছবির অংশ হতে পেরে গর্বিত। অভিনেতা হিসেবে যখন এমন গান শ্যুট করি, যেগুলো নিজেই গেয়েছি, তখন তা অন্যরকম একটা গভীরতা নিয়ে আসে।’’ ‘জামানা লাগে’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং শাশ্বত সিং। গানটির কথা লিখেছেন কায়সার ইউআই জাফরি এবং সন্দীপ শ্রীবাস্তব। প্রীতমের সুরে এই গানে উঠে এসেছে ভালোবাসা এবং সম্পর্কের জটিলতা।

এছাড়াও আদিত্য আরও জানান, তিনি ছবির মোট ১০টি গানের জন্য মুখিয়ে আছেন। যদিও সব গান এখনও শোনা হয়ে ওঠেনি, তবুও তিনি আশাবাদী যে প্রতিটি গানই অনবদ্য হবে। ‘লাইফ ইন আ মেট্রো’ এবং ‘লুডো’-র পর, ‘মেট্রো ইন দিনো’ এই ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ বসু এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে বড়োপর্দায় এবং গানে একসঙ্গে ধরা দেবেন অভিনেতা ও গায়ক আদিত্য রায় কাপুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.