দীঘার জগন্নাথ মন্দির এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের জায়গা । প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন দীঘার মন্দিরে । কিন্তু এসবের মাঝেই মন্দিরের সামনে বিক্ষোভে দীঘার স্থানীয় বাসিন্দারা ! বৃহস্পতিবার দীঘার মন্দিরের সামনে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সৈকত নগরীতে । কিন্তু হঠাৎ কি এমন হলো ? যার জন্য বিক্ষোভে বসলেন স্থানীয়রা !
জগন্নাথ মন্দিরের সবধরনের কাজ কর্মের জন্য বাইরে থেকে শ্রমিক নিয়োগ করা হচ্ছে বলে খবর। অভিযোগ, অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কাজ করছে ঠিকাদার সংস্থাগুলি । বাইরের শ্রমিকরা এসে কাজ করায় বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা শ্রমিকরা। এবার স্থানীয় শ্রমিকদের কাজে নিয়োগের দাবি তুলে মন্দিরের সামনে বিক্ষোভে বসেন স্থানীয়রা। উল্লেখ্য , বিক্ষোভের খবর পেয়ে , মন্দিরের সামনে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনীও । বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় বিধায়ক ও ট্রাস্টি বোর্ডের সদস্য অখিল গিরিও সেখানে যান বলে খবর ।
প্রসঙ্গত, দিঘায় জগন্নাথ মন্দির তৈরির উদ্যোগের সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে আশ্বস্ত করেছিলেন, দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হলে সেখানকার স্থানীয় বাসিন্দাদের কর্ম সংস্থানের সুযোগ বাড়বে। ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমন দাসের দাবী জগন্নাথ মন্দির দিঘার আর্থ সামাজির চেহারায় আমূল পরিবর্তন আনবে । তার কথায় , “যখন এখানে হাজার হাজার ভক্ত আসবেন, তখন এই এলাকার আর্থ সামাজিক চেহারাটাই বদলে যাবে। এখানকার মানুষের লাভ হবে। হোটেল, পরিবহনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের লাভ হবে। যাঁরা ফুল মালা বিক্রি করেন, তাঁদের লাভ হবে। টাকাটা তো দিঘা, মেদিনীপুরের যাঁরা লোক, তাঁদের বাড়িতেই যাবে।” কিন্তু বাইরের শ্রমিকদের নিয়ে কাজ করায় , বর্তমানে বিক্ষোভে স্থানীয়রা ।







