জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ শেষপর্যন্ত রক্তাক্ত পরিণতির দিকে নিয়ে গেল। ঝাড়গ্রাম জেলার চন্দ্রী আউসপাল এলাকায় ঘটে গেল এক নারকীয় হত্যাকাণ্ড। অভিযোগ, দেওর বাহাদুর হেমব্রোমকে গলা কেটে খুন করল তার জ্যাঠতুতো বৌদি ও সেই বৌদির দুই ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে আচমকা আওয়াজ পেয়ে বাহাদুরের মা বাইরে বেরিয়ে দেখতে পান তার ছেলেকে মুখ চেপে ধরে জোর করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে অভিযুক্তরা। কিছু বুঝে ওঠার আগেই তিনি দৌড়ে গিয়ে পরিবারের অন্য সদস্যদের খবর দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। জঙ্গলে ছুটে গিয়ে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বাহাদুরের দেহ—গলা কাটা, দেহে একাধিক আঘাতের চিহ্ন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বৌদি ও তার এক ছেলেকে খুনের অস্ত্রসহ গ্রেফতার করা হয়। অপর ছেলে এখনও পলাতক। চলছে জোর তল্লাশি।
পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিবাদ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। সেই বিবাদের জেরেই এই রক্তাক্ত পরিণতি।
বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ছড়িয়েছে উত্তেজনা ও চাঞ্চল্য। পরিবারের সদস্যরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







