খেলাধুলা

লাল হলুদ শিবিরে তিন বঙ্গ সন্তান, মরশুম শুরুর আগে ঘর গোছাতে মরিয়া ইস্টবেঙ্গল

আসন্ন ২০২৫-২৬ মরশুমের জন্য ঘর গোছানোর কাজ জোরকদমে চালাচ্ছে ইস্টবেঙ্গল। আইএসএল-এর পাশাপাশি কলকাতা ফুটবল লিগের (সিএফএল) জন্যও শক্তিশালী দল বানাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। এরই মধ্যে বড় চমক হিসেবে তিন প্রতিশ্রুতিমান বঙ্গসন্তান ফুটবলারকে সই করিয়েছে তারা। মনোতোষ মাজি, বিক্রম প্রধান এবং সঞ্জয় ওরাওঁ— এই তিন তরুণ তুর্কি এবার লাল-হলুদ জার্সিতে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন।
মনোতোষ মাজি একজন ফরোয়ার্ড, যিনি গত মরশুমে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। অন্যদিকে, বিক্রম প্রধান ডিফেন্সে এবং সঞ্জয় ওরাওঁ মিডফিল্ডে খেলেন। এই দুজনেরও সন্তোষ ট্রফিতে বাংলার জয়ে বড় ভূমিকা ছিল। তিন বঙ্গসন্তান দলে আসায় ঘরের লিগে ইস্টবেঙ্গলের শক্তি যে বাড়লো, তা একবাক্যে স্বীকার করছে কলকাতার ফুটবল মহল। তাদের মূল লক্ষ্য, কলকাতা লিগে দুর্দান্ত পারফর্ম করে আইএসএল-এর মূল একাদশে জায়গা করে নেওয়া।
কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্বে থাকছেন বিনো জর্জ, যিনি ঘরোয়া লিগ থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্য সুপরিচিত। তাঁর কোচিংয়ে এর আগেও কলকাতা লিগের বেশ কয়েকজন ফুটবলার ইস্টবেঙ্গলের আইএসএল দলে সুযোগ পেয়েছেন। তাই এই তিন বঙ্গসন্তানের জন্য বিনো জর্জের অধীনে নিজেদের প্রমাণ করার এটি এক সুবর্ণ সুযোগ। তাদের পারফরম্যান্সই নির্ধারণ করবে তারা আইএসএল-এর মূল দলে জায়গা পাবে কিনা।
উল্লেখ্য, কলকাতা লিগে ভূমিপুত্র খেলানোর সংখ্যা নিয়ে সম্প্রতি যে বিতর্ক চলছিল, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে তা অবশেষে মিটেছে। আইএফএ ভূমিপুত্র খেলানোর সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ৬ করতে বাধ্য হয়েছে। প্রসঙ্গত, এবারের কলকাতা লিগে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা। এই তিন বঙ্গসন্তান কি পারবেন ইস্টবেঙ্গলের স্বপ্নপূরণ করতে? সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.