জেলা

জাতীয় সড়কে মৃত্যুর দৌড়! দইসাইয়ে উল্টে গেল মেশিন ভ্যান, মৃত ১

পূর্ব মেদিনীপুরের দইসাই এলাকায় জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে দ্রুতগতিতে ছুটে চলা এক লবণ বোঝাই মেশিন ভ্যান হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার অভিঘাতে ভ্যানের নিচে চাপা পড়ে মৃত্যু হয় চালক সঞ্জয় জানার। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত হয়। আহত হয়েছেন আরও দুই ব্যক্তি, যাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন কাঁথি মহকুমা হাসপাতালে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—চলন্ত অবস্থায় হঠাৎ করে ভ্যানটির একটি চাকা ভেঙে যায়। তার জেরে ভারসাম্য হারিয়ে পাশের রাস্তায় উল্টে যায় যানটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। উদ্ধার করা হয় চালকের মৃতদেহ, আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের মতো ব্যস্ত রাস্তায় যন্ত্রচালিত মেশিন ভ্যান চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও দিনের পর দিন প্রশাসনের চোখের সামনেই এই ধরনের যানবাহন অবাধে চলাচল করছে। এমনকি কোনোরকম রেজিস্ট্রেশন, ফিটনেস, নিরাপত্তা ছাড়াই ছুটে বেড়াচ্ছে সড়কে। যার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

এই দুর্ঘটনা ফের একবার প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কতটা বেহাল নজরদারি থাকলে জাতীয় সড়কে এমন বেআইনি যান চলাচল চলতে পারে? সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়া এইসব “মেশিন ভ্যান” কবে নিয়ন্ত্রণে আসবে, সেই প্রশ্ন এখন দইসাইয়ের আকাশে ভাসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.