কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ এবং সেই মামলার বিচারপ্রক্রিয়া সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকলেও, রাজ্য সরকার ভর্তির পোর্টাল বন্ধ রাখেনি। হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এক অনুষ্ঠানে এসে এই বিষয়েই মুখ খুললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মামলা তো মামলার জায়গায় আছে। স্থগিতাদেশ থাকলেও স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া চলছে পুরোদমে। পোর্টাল খোলা আছে, কেউ যেন বিভ্রান্ত না হন।” শিক্ষামন্ত্রীর এই বার্তায় একদিকে যেমন ছাত্রছাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে, তেমনই বিরোধীদের আক্রমণের জবাবও মিলেছে পরোক্ষে।
এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি ব্রাত্য বসু। তিনি বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাত-পাতের ঊর্ধ্বে উঠে মানুষকে সঙ্গে নিয়ে রথযাত্রা উৎসবে অংশ নেন। এটা বাংলার সংস্কৃতি। অন্যরা কে দড়ি ধরলেন, না ধরলেন তাতে কিছু যায় আসে না। কারণ, তাদের জনমতের কোনও গ্রহণযোগ্যতা নেই।”
শিক্ষামন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক তরজায় নতুন আগুন ধরাল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সংরক্ষণ ইস্যু থেকে শুরু করে ধর্মীয় উৎসব—প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করছে, সেই সুরেই এবার শিক্ষামন্ত্রীও এগিয়ে এলেন।
📌 রাজ্য রাজনীতির সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টালে।






