নিজস্ব সংবাদদাতা: রাজনীতি কখন, কোথায়, কীভাবে মোড় নেয়—তা কেউই আগাম বলতে পারে না। শনিবার সেই ধাঁধাই যেন নতুন করে উস্কে দিল দিলীপ ঘোষের ‘অঘোষিত’ সফর। শুভেন্দু অধিকারীর খাসঘর রামনগর ২ ব্লকের ডেমুরিয়া—সেখানেই আচমকাই হাজির বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উদ্দেশ্য, বলে রাখা হয়েছিল “রথমেলা ও মন্দির দর্শন।” কিন্তু তাঁর এই উপস্থিতি ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে জেলায়, এমনকি রাজ্য রাজনীতির অন্দরে।
প্রচারের কোনও পূর্ব ঘোষণা ছিল না। দলের তরফেও কিছু জানানো হয়নি। তবুও শনিবার দুপুরে দিঘার পথে হঠাৎ দিলীপ ঘোষের গাড়ি থামে ডেমুরিয়ায়, যেখানে চলছিল ৩৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রথমেলা। তাঁকে দেখতে তৎক্ষণাৎ ভিড় করেন সাধারণ মানুষ। আর সেখানেই ঘটে রাজনৈতিক বিস্ময়—তাঁর অভ্যর্থনায় এগিয়ে আসেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা তমালতরু দাস মহাপাত্র।
মেলাপ্রাঙ্গণে একসঙ্গে বসে তৃণমূল নেতাদের সঙ্গে কথা, ঠোঁটে হাসি, হাতে চা, পাতে প্রসাদ—সব মিলিয়ে যেন এক অদ্ভুত সৌজন্য মুহূর্তের আবহ। দিলীপ ঘোষ নিজেই বলেন, “ডেমুরিয়ার রথমেলা ও প্রাচীন জগন্নাথ মন্দির সম্পর্কে আগে থেকেই জানতাম। এই ধরনের ঐতিহ্যবাহী মেলা গ্রামের মধ্যে হওয়ায় অনেকে জানতে পারেন না। আমি এখানে এলাম যাতে তা আরও প্রচার পায়। ধর্মীয় কারণেই এসেছি।”
তবে এই সফরের তাৎপর্য শুধুই ধর্মীয় কিনা, তা নিয়ে জোর আলোচনা রাজনৈতিক মহলে। অনেকেরই প্রশ্ন, এ কি নিছক তীর্থভ্রমণ? নাকি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সূক্ষ্ম ইঙ্গিত? শুভেন্দু অধিকারীর ‘গড়’ বলে পরিচিত এলাকায় এইভাবে আচমকা গেরুয়া নেতার মাটি ছোঁয়া—নির্বাচনের আগে তা বিজেপির ‘গ্রাউন্ড রিপোর্টিং’ কি না, সে জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই বিষয়ে বিজেপির জেলা নেতৃত্ব অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। জানিয়েছেন, “এটা দিলীপদার একান্ত ব্যক্তিগত সফর। দলের কোনও কর্মসূচি ছিল না।”
অন্যদিকে মেলা কমিটির সভাপতি তৃণমূল নেতা তমালতরু দাস মহাপাত্র বলেন, “মহাপ্রভুর টানেই উনি এসেছিলেন। আমরাও কোনও পক্ষপাতিত্ব না করে যথাযথ সম্মান জানিয়েছি। প্রসাদ খেয়েছেন। কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। রথমেলায় রাজনীতি ঢোকাতে চাই না।”
তবে বাস্তব বলছে, সৌজন্যের আড়ালেও রয়ে গেল বহু প্রশ্ন—যার উত্তর সময়ই দেবে।







