বিনোদন

জন্মদিনে মায়াপুর ইসকনে রথযাত্রার আনন্দে মেতে রুক্মিণী, দেবের সঙ্গেও জমকালো পার্টি

শুক্রবার, ২৭ জুন ছিল জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রর জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তার কাছে আরও বিশেষ হয়ে উঠেছিল, কারণ সেদিনই ছিল রথযাত্রা। ছোটবেলা থেকেই রথযাত্রার দিন ইসকনের রথের টান রুক্মিণীর জীবনে আলাদা জায়গা করে নিয়েছে। তাই নিজের জন্মদিনে পবিত্র আশীর্বাদ নিতে নায়িকা হাজির হয়েছিলেন মায়াপুর ইসকনের মন্দিরে। সেখানে কেক কেটে এবং রথযাত্রায় অংশ নিয়েই দিনটি স্মরণীয় করে তোলেন তিনি।

মঙ্গলবার অভিনেত্রী নিজের সমাজমাধ্যমে জন্মদিনের একগুচ্ছ ছবি ও ভিডিয়ো ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। প্রথম ছবিতে তাকে আরতির থালা হাতে প্রণাম করতে দেখা যায়। গোলাপি, হলুদ ও বেগুনি রঙের চুড়িদার, কানে দুল, হালকা সাজ এবং গলায় ফুলের মালায় দেখা যায় একেবারে শান্ত, সুন্দর রুক্মিণীকে। এরপরের ভিডিয়োতে দেখা যায়, ইসকনের মন্দিরে কেক কেটে জন্মদিন উদযাপন করছেন অভিনেত্রী, যেখানে উপস্থিত সকলে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন।

শুধু মন্দিরেই নয়, ঘরোয়া ভাবেও দারুণভাবে জন্মদিন পালন করেন রুক্মিণী। ঘরোয়া অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেন তিনি। সেখানে প্রেমিক অভিনেতা দেবের সঙ্গেও তাকে দেখা যায়। এক ছবিতে কালো গাউনে, অন্য ছবিতে সাদা-কালো পোলকা ডটের গাউনে ধরা দেন রুক্মিণী। পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটার মুহূর্তও ধরা পড়ে ক্যামেরায়। ছবিগুলির সঙ্গে শেয়ার করা ক্যাপশনে রুক্মিণী লেখেন,”এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিনগুলোর একটি। ইসকন মায়াপুরে রথযাত্রায় উপস্থিত থেকে রাধাকৃষ্ণের আশীর্বাদ নিয়ে জন্মদিন শুরু করতে পেরে আমি ধন্য। মনে হলো শৈশবের সেই আনন্দ ফিরে পেয়েছি।” তিনি আরও লেখেন,”আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা আমাকে মুগ্ধ করেছে। এইভাবেই পাশে থাকুন, ভালোবাসা দিন এবং প্রার্থনা করুন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.