পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ভারত এখন জলকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে তিনি দেশের জল সংরক্ষণ প্রকল্পগুলি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি এক বৈঠকে শরীফ বলেন, ভারতের আচরণে পাকিস্তানে জল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। তাই দেশের জল সংরক্ষণের পরিকাঠামো উন্নয়ন এখন জরুরি। সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে, যাতে ভবিষ্যতে সংকট মোকাবিলা করা সম্ভব হয়।
শাহবাজ শরীফের বক্তব্য অনুযায়ী, ভারত যদি সিন্ধু জল চুক্তি স্থগিত করে, সেটি আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের সামিল হবে। তিনি বলেন, কোনও দেশ এই ধরনের আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে বাতিল করতে পারে না। স্থায়ী সালিশি আদালতের একটি রায়ের উল্লেখ করে শরীফ বলেন, এই আদালতও ভারতের এমন পদক্ষেপকে অবৈধ বলেছে। তিনি আরও বলেন, “পাকিস্তান ও ভারতের মধ্যে থাকা সিন্ধু জল চুক্তির প্রতি সম্মান দেখানো উচিত। কিন্তু ভারত জলপ্রবাহ বন্ধ করে আমাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে।”
উল্লেখযোগ্য, এ বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিক নিহত হন। সেই ঘটনার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। এর পরেই ভারত সিন্ধু জল চুক্তি সাময়িকভাবে স্থগিত করে। তারপর থেকেই পাকিস্তান বারবার ভারতকে এই চুক্তি পুনরায় চালুর আহ্বান জানিয়ে আসছে, তবে ভারত এখনও পর্যন্ত কোনও সাড়া দেয়নি।
এই প্রেক্ষাপটে পাকিস্তান সরকার প্রাদেশিক প্রশাসনগুলির সঙ্গে একযোগে কাজ করে বিভিন্ন জল সঞ্চালন ও সংরক্ষণ প্রকল্পকে দ্রুত শেষ করতে চাইছে।







