চলমান শিক্ষক নিয়োগ বিতর্কে এবার ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীদের নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার ও ssc। আদালতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে তারা জানায়, একই অপরাধের জন্য কাউকে একাধিকবার শাস্তি দেওয়া উচিত নয়। তাই যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় ফের সুযোগ দেওয়া হোক – এমনই আবেদন জানানো হয় আদালতে।
তবে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য ছিল একেবারে বিপরীত। সোমবার তিনি স্পষ্ট নির্দেশ দেন, যাঁরা ইতিমধ্যেই আদালতের পর্যবেক্ষণে ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের এবারের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে। যদি কেউ আবেদন করে থাকেন, তা হলে সেই আবেদন বাতিল করতে হবে।
প্রসঙ্গত, ৩০ মে এসএসসি তরফে ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরই সেই বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয় আইনি টানাপোড়েন। মামলাকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থীভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০১৬ সালের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম না মানা এবং বয়সে ছাড় না দেওয়ার বিষয়টিও আদালতের নজরে আনা হয়।
এই প্রসঙ্গে রাজ্য জানায়, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। এর পর ফের তাঁদের নিয়োগে অংশ নিতে না দেওয়া মানে দ্বিতীয়বার শাস্তি দেওয়া। কিন্তু হাই কোর্টের বক্তব্য, যাঁরা একবার দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন, তাঁরা আবার যদি অভিজ্ঞতার নম্বর পেয়ে নিয়োগে অংশ নেন, তা হলে তা সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করবে।
শেষ পর্যন্ত বিচারপতির নির্দেশ অনুযায়ী, ৩১ মে থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। পাশাপাশি, ‘অযোগ্য’ হিসেবে যাঁদের চিহ্নিত করা হয়েছে, তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই অংশগ্রহণ করতে পারবেন না।







