ডাস্টবিন থেকে ময়লা বের করতে গিয়ে বেরিয়ে এলো নরকঙ্কাল ! এক সাফাইকর্মী , ডাস্টবিন থেকে ময়লা তুলতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎই তার বেলচা আটকে যায় কালো রঙের একটি প্লাস্টিকে । টান পড়তেই, প্লাস্টিকের গিট পাকানো মুখ খুলে যায় । প্লাস্টিক খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে পড়ে সকলের । প্লাস্টিক থেকে বেরিয়ে আসে , মানুষের হাড়গোড় ও খুলি।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে , হুগলির চুঁচুড়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের দাসপাড়ায় । প্লাস্টিক থেকে মানুষের কঙ্কাল বেরিয়ে আসতেই পুলিশে খবর দেওয়া হলে , পুলিশ গিয়ে নরকঙ্কালটি উদ্ধার করে। তবে কে ওই কঙ্কালটি ফেলে গিয়েছে , সে ব্যাপারে , এখনো কিছু জানা যায়নি । এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় , কে কখন এই কঙ্কাল ফেলে গিয়েছে, তা উদ্ধার করাটা একটু কঠিন ।
স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী , এলাকায় সম্প্রতি কেউ মারাও যাননি । তবে এলাকার বাইরে থেকে কেউ এই কঙ্কাল ফেলে গিয়েছে কিনা , খতিয়ে দেখছে পুলিশ । জানা গিয়েছে আপাতত কঙ্কালটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে ।







