কিশোর-কিশোরীদের মধ্যে পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা প্রেম বা যৌন সম্পর্ক যেন আর অপরাধ হিসেবে না ধরা হয় এই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয় সিং। তাঁর আবেদন, সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা হোক।
ইন্দিরা জয়সিংয়ের বক্তব্য, বর্তমানে ‘পকসো আইন’ এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারার অধীনে ১৬ থেকে ১৮ বছর বয়সি কিশোরদের যৌন সম্পর্ককেও অপরাধ হিসেবে গণ্য করা হয়, যদিও তা পারস্পরিক সম্মতিতে হয়ে থাকে। তাঁর মতে, এই নিয়ম কিশোর বয়সের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক পরিপক্বতাকে অস্বীকার করে এবং তা সাংবিধানিক অধিকারের পরিপন্থী।
তিনি স্পষ্ট করে বলেন, “শরীর ও যৌনতা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ব্যক্তির মানবাধিকার ও মর্যাদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই অধিকার থেকে কিশোরদের বঞ্চিত করা সংবিধানের ১৪, ১৫, ১৯ এবং ২১ অনুচ্ছেদের পরিপন্থী।”
ইন্দিরার দাবি, অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের মামলার সূত্রপাত হয় কিশোরীদের পরিবারের তরফে, বিশেষত মেয়ে পক্ষের বাবা-মায়েদের থেকে, যেখানে সম্পর্কটি সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় যেমন আন্তঃধর্ম বা অন্তঃবর্ণ প্রেম। অনেক সময় মেয়ের সম্মতি থাকলেও পকসো আইনের আওতায় ছেলেটিকে অভিযুক্ত করা হয়। তিনি বলেন, “বর্তমান আইন কিশোরদের মধ্যে প্রেমকে অপরাধের পর্যায়ে ফেলে দিচ্ছে। এতে তারা বাধ্য হয়ে সম্পর্ক লুকোচ্ছে, পালিয়ে যাচ্ছে বা এমনকি অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেই বিয়ে করতে বাধ্য হচ্ছে।”
ইন্দিরা যুক্তি দেন, ১৬-১৮ বছর বয়সিদের মধ্যে যৌন সম্পর্ক নতুন নয়, এবং ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের মতো একাধিক গবেষণায় সেই সত্যতা মিলেছে। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে এই বয়সসীমার কিশোরদের বিরুদ্ধে পকসো মামলার সংখ্যা প্রায় ১৮০ শতাংশ বেড়েছে বলে তিনি জানান।
বম্বে, মাদ্রাজ এবং মেঘালয় হাইকোর্ট ইতিমধ্যেই মত দিয়েছে যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ককে শিশু নিপীড়নের সঙ্গে এক করে দেখা উচিত নয়। সেই যুক্তিকেই সামনে এনে ইন্দিরা সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন ১৬ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে সম্মতিপূর্ণ যৌন সম্পর্ক যেন পকসোর আওতা থেকে বাদ দেওয়া হয়।







