বর্তমানে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর ধেয়ে আসছে আক্রমণ। যার ফলে সাম্প্রদায়িকতার অশান্তিতে উত্তাল ওপার বাংলায়। সেই আচঁ এসে পরেছে এপার বাংলাতে। সেই আবহাওয়ার মধ্যে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ের মানুষদের ভাব আবেগের কথা মাথায় রেখে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর।
বর্তমানে বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এর আগে দল বিরোধী মন্তব্য করায় শোকজ হতে হয় তাকে। পরে অবশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। এবার এর সংবাদ শিরোনামে এলেন তৃণমূলের এই বিধায়ক। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এখনও দেশের সংখ্যালঘু মুসলিমদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে বলে দাবি হুমায়ুন কবীরের। তাই জন্যেই তিনি নিজের জমি বিক্রি করে প্রায় এক কোটি টাকা দিয়ে এই বাবরি মসজিদে কাজ শুরু করবেন আগামী ৬ই ডিসেম্বর থেকে।
এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জানিয়েছেন, “২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে কাজ শুরু করব। আমার নিজের জমি বিক্রি করে ১ কোটি টাকা দেব। গোটা মুর্শিদাবাদ এলাকায় ৭৫% মুসলমান। তাঁদের ভাবাবেগকে স্বীকৃতি দিয়ে এই মসজিদ তৈরি করব। আমি কয়েকটি জলসায় গিয়েও এটা বলেছি। প্রতিবছর এই ৬ ডিসেম্বর ইসলাম সম্প্রদায় মানুষরা এই দিনটা মনে করে অনুতাপ করে। বহরমপুরের থেকে ১৫ কিলোমিটার দূরে বেলডাঙ্গা অথবা রেজিনগরে দু-একোর কিংবা তার থেকে বেশি জায়গা নিয়ে এই বাবরি মসজিদ গড়ে তুলবো। এই বাংলার মুসলমান মানুষদের ভাব আবেগের কথা গুরুত্ব দিয়ে এই চিন্তাভাবনা”।







