কলকাতা

রোজভ্যালি চুক্তির নথি ফাঁস! “এই বাংলার রাজাকার” আখ্যায় মিঠুন চক্রবর্তীকে বুদ্ধিজীবীদের তোপ কুণালের বিস্ফোরণ

রোজভ্যালি-যোগে মিঠুনের ভূমিকা নিয়ে কুণালের প্রশ্ন, গ্রেফতারের দাবিও তুললেন। বাঙালিবিদ্বেষ ইস্যুতে মিঠুনকে ‘অমানবিক পরিযায়ী বাঙালি’ বলে কটাক্ষ বুদ্ধিজীবীদের।

রোজভ্যালি কেলেঙ্কারিতে নাম জড়াল বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর। এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরমে বিতর্ক। রবিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফাঁস করলেন মিঠুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী যোগিতা বালির রোজভ্যালি গোষ্ঠীর সঙ্গে সরাসরি অংশীদারিত্বের লিখিত চুক্তিপত্র। সঙ্গে সঙ্গে তীব্র আক্রমণে নামলেন বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবী মহলের একাংশও।

রবিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় সেই চুক্তির নথি প্রকাশ করে কুণাল লেখেন, “এটি কোনও সাধারণ পারিশ্রমিকের চুক্তি নয়, বরং রোজভ্যালির সঙ্গে যৌথ বাণিজ্যিক অংশীদারিত্বের লিখিত বোঝাপড়া। সই রয়েছে মিঠুনদা ও যোগিতা বালির।”

এরপর একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন কুণাল—
১) চুক্তিপত্রটি কি সত্যি?
২) রোজভ্যালির সঙ্গে আরও কোনও আর্থিক লেনদেন ছিল কি না?
৩) রোজভ্যালি থেকে কত টাকা নিয়েছেন মিঠুন?
৪) সেই টাকা তিনি ফেরত দিয়েছেন কি?
৫) তাহলে তাঁকে গ্রেফতার করছে না কেন্দ্রীয় এজেন্সি কেন?

এরপরই কটাক্ষের সুরে লেখেন কুণাল, “আমি সাংবাদিক হয়ে মিডিয়াতে কাজ করেও কলঙ্কিত হই। তাহলে সারদা, রোজভ্যালিতে নাম জড়িয়েও মিঠুনদা বাঁচেন কেন? বিজেপির পায়ে পড়েই কি এই রেহাই?”

এই ইস্যুতে রবিবার কলকাতা প্রেস ক্লাবে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর এক অনুষ্ঠানে মুখ খোলেন বুদ্ধিজীবীদের একটি অংশ। সঙ্গীতশিল্পী সৈকত মৈত্র নাম না করেই বলেন, “বাংলার একজন সাংস্কৃতিক কর্মী বলছেন, কোথায় বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে! ওঁরা হয় অমানবিক, না হয় খবর রাখেন না, কিংবা ওঁদের কেউ খবরই দেয় না। উনি এখন একজন ‘পরিযায়ী বাঙালি’।”

তারও বেশি তীব্র ভাষায় সরাসরি মিঠুনকে আক্রমণ করেন সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। বলেন, “যাঁরা বাংলা ও বাঙালির যন্ত্রণাকে অস্বীকার করছেন, তাঁরা এই বাংলার রাজাকার। আজ মিঠুন, কাল জগদীপ ধনকড়।”

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ‘বাঙালিয়ানা’ বনাম ‘বহিরাগত’ বিতর্ককে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘাত আরও উসকে উঠছে। এবং এবার সেই আগুনে ইন্ধন জোগাল রোজভ্যালি কেলেঙ্কারির পুরনো নথি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.