আজ ২৯ জুলাই, মোহনবাগান সমর্থকদের কাছে শুধু একটি তারিখ নয়, এক আবেগ, এক গর্বের দিন—’মোহনবাগান ডে’।। প্রতি বছর এই দিনে ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবকে সম্মান জানানো হয়। এবছরের উদযাপন ছিল বিশেষ, কারণ প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস, তথা টুটু বোসকে প্রদান করা হল ‘মোহনবাগান রত্ন’ সম্মান।
একদিন আগেই ক্লাব চত্বর সেজে উঠেছিল আলোকসজ্জায়। ঝিরঝিরে বৃষ্টি উপেক্ষা করে ক্লাব প্রাঙ্গণ জমে ওঠে সমর্থকদের ভিড়ে। ক্লাব সচিব সৃঞ্জয় বোস সদস্যদের মধ্যে পাস বিলি করেন নিজে হাতে।
আজ সকালে মোহনবাগান লেন থেকে শুরু হয় ঐতিহ্যবাহী মশাল যাত্রা। অমর একাদশকে মাল্যদান করে শহর পরিক্রমা শেষে ক্লাবে স্থাপন করা হয় জ্বলন্ত মশাল। অংশ নেন ক্লাবের শীর্ষ কর্তারা। এরপর ক্লাব প্রাঙ্গণে হয় পতাকা উত্তোলন, অমর একাদশে মাল্যদান এবং প্রাক্তন ফুটবলারদের প্রীতি ম্যাচ। একে বলা যায় ‘রি-ইউনিয়ন’-এর উৎসব।
সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয় সৌরেন্দ্র-সৌম্যজিতের সঙ্গীত পরিবেশনায়। সেরা ফুটবলার, স্ট্রাইকার, অ্যাথলেটদের সম্মান জানানোর পর আসে সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত—মঞ্চে ওঠেন টুটু বোস। করতালির মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় ‘মোহনবাগান রত্ন’। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ইমন চক্রবর্তীর গানে।
ঐতিহ্য, স্মৃতি আর আবেগ মিলিয়ে এবারের মোহনবাগান ডে হয়ে উঠল এক স্মরণীয় অধ্যায়।







