দেশ

ওবিসি মামলায় আজ সুপ্রিম কোর্টে নজর, কী হবে জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা?

রাজ্যের ওবিসি (অন্য অনগ্রসর শ্রেণি) সংক্রান্ত জটিলতা এবার প্রভাব ফেলল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশে। কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রকাশিত মেধাতালিকা বাতিল হয়েছে। নতুন করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। হাই কোর্ট জানিয়েছে, ২০১০ সালের আগের ৬৬টি স্বীকৃত ওবিসি সম্প্রদায়ের তালিকা মেনেই সংরক্ষণ বরাদ্দ করতে হবে এবং নতুন ওবিসি তালিকা মেনে ফলপ্রকাশ করা যাবে না।
হাই কোর্টের এই নির্দেশে বলা হয়েছে, ওবিসি পড়ুয়াদের জন্য পূর্বের মতো ৭ শতাংশ সংরক্ষণই বহাল থাকবে। আগামী ১৫ দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই রায় দেন। এর ফলে গত বৃহস্পতিবার নির্ধারিত ফলপ্রকাশ স্থগিত হয়ে যায়।
উল্লেখ্য, এর আগে হাই কোর্ট রাজ্যের ২০১০ সালের পর তৈরি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল এবং নতুন তালিকা তৈরির আগে সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সমীক্ষার নির্দেশ দিয়েছিল। এই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি. আর. গবইয়ের বেঞ্চ তখন হাই কোর্টের স্থগিতাদেশ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন।
এবার রাজ্য সরকার হাই কোর্টের নতুন নির্দেশকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের রায়ের পরে হাই কোর্ট অন্যভাবে বিবেচনা করবে, তা আমাদের ধারণায় ছিল না। তাই আমরা আজই সুপ্রিম কোর্টে আর্জি জানাব।” সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি রয়েছে, যেখানে জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা সংক্রান্ত হাই কোর্টের নির্দেশ নিয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে।
রাজনৈতিক ও শিক্ষামহল দুই ক্ষেত্রেই এই মামলার পরিণতির দিকে নজর রয়েছে, কারণ এর রায় রাজ্যের উচ্চশিক্ষায় সংরক্ষণের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.