দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে মুক্তি পেল বিতর্কিত চলচ্চিত্র উদয়পুর ফাইলস। তবে ছবির প্রযোজক অমিত জানি এখনও মৃত্যুর হুমকির মুখে আছেন বলে দাবি করেছেন। শুক্রবার সারা দেশে মুক্তি পায় সিনেমাটি, এর ঠিক আগে দিল্লি হাইকোর্ট রিলিজে স্থগিতাদেশের আবেদন খারিজ করে। ২০২২ সালের দর্জি কানহাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত এই ছবি প্রথম থেকেই সেন্সর ও আদালতের জটিলতায় আটকে ছিল। বিরোধীরা অভিযোগ তুলেছে, ছবিটি সাম্প্রদায়িক প্রোপাগান্ডা ছড়াতে পারে।
শনিবার অমিত জানি এক্স-এ জানান, একটি অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করে বিহারের তাবরেজ নামের এক ব্যক্তি বোমা বা গুলি মেরে হত্যার হুমকি দিয়েছে। তিনি দ্রুত এ বিষয়ে মামলা ও গ্রেফতারের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী দপ্তর ও উত্তরপ্রদেশ পুলিশের কর্মকর্তাদের ট্যাগ করেছেন। গত মাসেই কেন্দ্রীয় সরকার তাঁকে দিল্লি ও উত্তরপ্রদেশে ওয়াই-ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করে, যাতে ২৪ ঘণ্টা সশস্ত্র কম্যান্ডো পাহারা থাকে। এর আগে সুপ্রিম কোর্ট তাঁর নিরাপত্তা চাওয়ার আবেদন মঞ্জুর করেছিল।
ছবিটির মুক্তি মূলত ১১ জুলাই নির্ধারিত ছিল, কিন্তু সেন্সর ও আইনি বাধায় তা একাধিকবার পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ৮ আগস্ট বড়োপর্দায় মুক্তি পায়। ছবিতে কানহাইয়া লালের চরিত্রে অভিনয় করেছেন বিজয় রাজ। ২০২২ সালের ২৮ জুন রাজস্থানের উদয়পুরে দোকানের ভেতর দুই যুবক তাঁর গলা কেটে নৃশংসভাবে হত্যা করে, যা দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি তাঁদের বাবার সত্যিকারের ঘটনার প্রতিফলন করেছে। কানহাইয়ার দুই ছেলে সিনেমা হলে উপস্থিত থেকে দৃশ্য দেখে আবেগাপ্লুত হন এবং সন্ত্রাসবাদ বিরোধী সচেতনতার জন্য সবাইকে ছবিটি দেখার আহ্বান জানান।







