বাইশের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতের ছিটকে যাওয়াটা আশাহত করেছে বহু শুভাকাঙ্ক্ষীদের। তবে তাঁরা এখন চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকিয়ে। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই টুর্নামেন্টে ভাল পারফর্মেন্স করে ভারতকে চ্যাম্পিয়ন করবেন, এমনই প্রত্যাশায় ভারতীয় দলের ভক্তরা।
এবার এর প্রেক্ষিতে সতর্ক করলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার কপিল দেব। ব্যক্তিগত স্বার্থকে পিছনে ফেলতে হবে যদি ভারত ঘরের মাঠে হতে চলা আইসিসি বিশ্বকাপে জয় আনতে চায়, সাফ বক্তব্য প্রাক্তন অধিনায়কের। তাঁর কথায়, ‘২-৩ জন খেলোয়াড়ের ওপর ভরসা করে বিশ্বকাপ যেতা অসম্ভব।’
‘আপনি যদি বিশ্বকাপ জিততে চান; কোচ, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত স্বার্থকে পেছনে ফেলতে হবে এবং তাঁদের দল নিয়ে ভাবতে হবে। আপনি বিরাট বা রোহিত বা ২-৩ প্লেয়ারের উপর যদি ভরসা করেন যে, তারা বিশ্বকাপ জিতিয়ে দেবে, এমনটা কিন্তু কখনও হবে না। পুরো দলের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের কি এমন দল আছে? অবশ্যই আছে। আমাদের কি এমন ম্যাচ উইনিং খেলোয়াড় আছে? অবশ্যই আছে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা বিশ্বকাপ জেতাতে পারে।’ এহেন উবাচ কপিল দেবের।
প্রাক্তন অধিনায়কের দাবি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাঁদের কাজ করেছেন, এখন সময় এসেছে তরুণদের এগিয়ে আসার। কপিলের স্পষ্ট মন্তব্য, ‘সব সময়েই দুই-একজন খেলোয়াড় থাকে, যারা আপনার দলের স্তম্ভ হয়ে দাঁড়ায়। দল তাদের চারপাশে ঘোরে কিন্তু আমাদের সেটা ভেঙে অন্তত ৫-৬ জন খেলোয়াড় তৈরি করতে হবে। সেই জন্য আমি বলছি, শুধু বিরাট এবং রোহিতের উপর নির্ভর করা ঠিক নয়। এমন খেলোয়াড়দের দরকার যারা তাদের প্রতিটি দায়িত্ব পালন করে। তরুণদের এগিয়ে আসতে হবে এবং বলতে হবে, এখন আমাদের সময়।’







