খেলাধুলা

কোহলিদের বিপক্ষে মাঠে নামার আগে ঘুরে দাঁড়ানোর বার্তা চন্দ্রকান্ত পন্ডিতের

আইপিএল ২০২৫ ফের শুরু হতে চলেছে এক সপ্তাহের বিরতির পর। তবে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স শিবিরে টানটান প্রস্তুতি। শনিবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে নাইট বাহিনী। ম্যাচের আগে প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত দলের মনোবল ধরে রাখার বার্তা দিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন, নিজেদের ঐতিহ্য ও সম্মানের জন্যই এবার যুদ্ধ।

১২ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা কেকেআরের প্লে-অফে জায়গা পাওয়ার রাস্তা কঠিন। বাকি দুটি ম্যাচ জিততেই হবে, পাশাপাশি নির্ভর করতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপর। সেই চ্যালেঞ্জই জয়ের অনুপ্রেরণা হয়ে উঠছে বলে দাবি পন্ডিতের। তিনি বলেন, “আমরা শক্তিশালী দল। শুধু একটা একটা করে ম্যাচ জিততে হবে, অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই।”

টুর্নামেন্ট বন্ধ থাকার সময় কেকেআরের খেলোয়াড়দের মনোবল অটুট রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে, তৈরি রাখা হয়েছে মানসিকভাবে। পন্ডিত জানান, সিইও ভেঙ্কি মাইসোর পুরো দলকে পরিস্থিতির আপডেট দিয়ে গেছেন এবং খেলোয়াড়রাও মাঠে ফেরার জন্য উদগ্রীব ছিল।

বিরতির পর নতুন করে গতি ফিরে পাওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। অন্য দলগুলো আত্মবিশ্বাসে থাকলেও কেকেআরকে লড়তে হবে বাস্তব পরিস্থিতির সঙ্গে। তবে কোচের ভরসা, “আমাদের দলে চ্যাম্পিয়নদের রক্ত রয়েছে। গতবারের চ্যাম্পিয়নরা এবারও আছে, তাই বিশ্বাস হারাচ্ছি না।”

এখনই নয়াদিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচের কথা ভাবতে চান না পন্ডিত। তার মতে, প্রথমে আরসিবিকে হারাতেই হবে। শুধু পয়েন্ট নয়, ফ্র্যাঞ্চাইজির ঐতিহ্য বজায় রাখাটাই এখন মূল লক্ষ্য। তাঁর বিস্ফোরক মন্তব্যে স্পষ্ট, এই ম্যাচে নামছে এক মরিয়া কেকেআর, যারা আর পিছনে ফিরতে রাজি নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.