কলকাতার মেট্রো যাত্রীদের জন্য আজ থেকে শুরু হচ্ছে বাড়তি পরিষেবা ও বাড়তি সময়সীমা। সোমবার সকাল থেকেই গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২ এবং পার্পল লাইনে নতুন সূচি চালু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রীদের চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গ্রিন লাইন-১ (শিয়ালদা–সেক্টর ৫) রুটে আজ থেকে প্রতিদিন ১০৮টি ট্রেন (৫৪ আপ, ৫৪ ডাউন) চলবে। আগের ১০৬টির তুলনায় এই সংখ্যা বেশি। পরিষেবা শুরু হচ্ছে সকাল ৬টা ৩৫ মিনিট থেকে, যা আগে ছিল সকাল ৬টা ৫৫ মিনিট। প্রথম ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে সকাল ৬টা ৩৫ মিনিটে, আর সেক্টর ৫ থেকে সকাল ৬টা ৪০ মিনিটে। শেষ ট্রেনের সময় অপরিবর্তিত। রবিবারে এই লাইনে পরিষেবা থাকবে না।
গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান–এসপ্ল্যানেড) রুটে পরিষেবা বেড়ে ১৩৪টি (৬৭ আপ, ৬৭ ডাউন) হয়েছে। আগে ছিল ১৩০টি। পরিষেবা এখন সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৫৩ মিনিট পর্যন্ত চলবে, যা আগে শুরু হতো সকাল ৭টায়। প্রথম ট্রেন আজ সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে একসঙ্গে ছেড়েছে। রবিবারে পরিষেবা চলবে স্বাভাবিকভাবে।
পার্পল লাইন (জোকা–মাজেরহাট) রুটে এখন সোমবার থেকে শুক্রবার ৮০টি (৪০ আপ, ৪০ ডাউন) ট্রেন চলবে, আগে ছিল ৭২টি। পরিষেবা শুরু হচ্ছে সকাল ৬টা ৫০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ৫৭ মিনিট। জোকা থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৫০ মিনিটে এবং মাজেরহাট থেকে সকাল ৭টা ১৪ মিনিটে ছেড়েছে। শেষ ট্রেন জোকা থেকে রাত ৮টা ৩৬ মিনিটে এবং মাজেরহাট থেকে রাত ৮টা ৫৭ মিনিটে। শনিবার ও রবিবারে পরিষেবা থাকবে না।
আজকের এই বাড়তি সূচি যাত্রীদের ভ্রমণ আরও সহজ করবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।







