জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চেকরমারি গ্রামে প্রায় ৪০ কোটি টাকা খরচে তৈরি পোল্ট্রি ফার্ম বন্ধের মুখে। মুখ্যমন্ত্রীর আহ্বানে অন্ধ্রপ্রদেশের সাই শিবম পোল্ট্রি কর্তৃপক্ষ রাজ্যে ডিমের ঘাটতি মেটাতে এই প্রকল্প গড়ে তোলে। প্রায় ১৫ একর জমির উপর গড়া এই লেয়ার ফার্মে প্রতিদিন এক লক্ষের বেশি ডিম উৎপাদিত হয় এবং প্রায় ২০০ জন স্থানীয় মানুষ কাজ করেন। কিন্তু অভিযোগ উঠেছে, ফার্ম থেকে মাছির উপদ্রব ছড়িয়ে আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত কয়েকদিনে এক হাজারের বেশি মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছেন, পাশাপাশি লেপ্টোস্পাইরোসিস রোগও ছড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের। তাদের মতে, এই পরিস্থিতির জন্য দায়ী ওই ফার্ম।
অভিযোগের পর জেলা প্রশাসন জরুরি বৈঠক ডেকে ফার্ম কর্তৃপক্ষকে জানায়, প্রয়োজনীয় নথি ছাড়া ফার্ম চালানো যাবে না। সাত দিনের মধ্যে কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়ে আপাতত ফার্ম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রাণীসম্পদ দফতর জল পরীক্ষা করতে নমুনা পাঠিয়েছে বেলগাছিয়া ল্যাবে।ফার্ম বন্ধে গ্রামবাসীদের একাংশ স্বস্তি পেলেও শ্রমিক ও ব্যবসায়ী মহল দুশ্চিন্তায়। স্থানীয় বাসিন্দা মহম্মদ রকবুল বলেন, “আমাদের পরিবার এখানে কাজ করে। ফার্ম বন্ধ হলে সমস্যায় পড়ব।” তবে অপর বাসিন্দাদের মতে, রোগ প্রতিরোধে এই সিদ্ধান্ত সঠিক।
ফার্মের ম্যানেজার রঞ্জিৎ সরকার জানান, নথির ঘাটতি পূরণ করা হবে। নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরজিৎ পাল এবং মালিক অশোক রেড্ডি দুজনেই দাবি করেছেন, এত বড় প্রকল্প বন্ধ হলে শিল্পক্ষেত্রের পাশাপাশি রাজ্যও বড় ক্ষতির মুখে পড়বে।







