খেলাধুলা

র‌্যাঙ্কিংয়ে রহস্য! আইসিসি তালিকায় আচমকা উধাও কোহলি-রোহিতের নাম

এক দিনের ক্রিকেটে এখনও সক্রিয়, তবু আচমকাই তাঁদের নাম উধাও! বুধবার আইসিসি-র প্রকাশিত ব্যাটসম্যানদের তালিকায় দেখা গেল না বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম। গত সপ্তাহেই যেখানে রোহিত ছিলেন দুই নম্বরে ও কোহলি ছিলেন চারে, সেখানে হঠাৎ নাম মুছে যাওয়ায় চমকে যান সমর্থকরা। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই ফের ফিরে আসে দুই তারকার নাম, কিন্তু আইসিসি-র তরফে কেন এমন ঘটল তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে নানা জল্পনা।

আসলে এ বারেই নয়, আগে বহুবার প্রশ্ন উঠেছে আইসিসি-র র‌্যাঙ্কিং প্রকাশ পদ্ধতি নিয়ে। বুধবার প্রকাশিত তালিকায় দেখা যায়, ৭৮৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন শুভমন গিল। রোহিতের নাম না থাকায় বাবর আজম অস্থায়ীভাবে উঠে গিয়েছিলেন দুইয়ে, কিন্তু রোহিত ফেরায় আবার তাঁকে তিনে নেমে যেতে হয়। একই তালিকায় ভারতীয়দের মধ্যে ষষ্ঠ স্থানে ছিলেন শ্রেয়স আয়ার। অথচ তালিকার আপডেটের তারিখ ঘিরেও রহস্য রয়ে যায়। বাকি সব বিভাগের র‌্যাঙ্কিংয়ে তারিখ ১৯ অগস্ট হলেও ব্যাটিং তালিকায় দেখা গিয়েছিল ১০ অগস্ট।

আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি এক দিনের বা টি-টোয়েন্টি ম্যাচে টানা ৯ থেকে ১২ মাস না খেলেন, তবে তাঁর নাম বাদ যায়। টেস্টে এই সময়সীমা আরও দীর্ঘ। কিন্তু কোহলি ও রোহিতের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাঁরা দু’জনেই মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছেন। এরপর যদিও ভারত আর কোনও এক দিনের ম্যাচ খেলেনি, তবু সময় পেরিয়েছে মাত্র পাঁচ মাস। ফলে নিয়ম মেনেও তাঁদের নাম বাদ যাওয়ার প্রশ্ন নেই।

তাহলে কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি? নাকি পর্দার আড়ালে অন্য কারণ রয়েছে? ব্যাখ্যা না আসায় ক্রিকেট মহলে ধোঁয়াশা ঘনীভূত হচ্ছে। সমর্থকদের চোখ এখন আইসিসি-র দিকে—আসলে কী হয়েছিল সেই এক ঘণ্টায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.