ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিনোদ কাম্বলির শারীরিক অবস্থা ফের চিন্তার কারণ হয়ে উঠেছে। এক সময় সচিনের সঙ্গে মুম্বই ক্রিকেটের দুই স্তম্ভ হিসেবে উঠে এসেছিলেন কাম্বলি। কিন্তু এখন তিনি হাঁটতেও পারছেন না, কথাও স্পষ্ট বলতে অসুবিধা হচ্ছে। বান্দ্রার বাড়িতেই চলছে তাঁর চিকিৎসা। গত বছরের ডিসেম্বরে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর ঠাণের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে ছাড়া পেলেও এখনও চলছে টানা চিকিৎসা ও ফিজ়িয়োথেরাপি। ভাই বীরেন্দ্র জানিয়েছেন, ধীরে হলেও কাম্বলি সুস্থ হয়ে উঠছেন, তবে সময় লাগবে।
কাম্বলির অসুস্থতার খবর প্রথম প্রকাশ্যে আসে গত বছরের ডিসেম্বরে রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে। দীর্ঘদিন পর প্রকাশ্যে আসা কাম্বলিকে দেখে হতবাক হয়ে যান উপস্থিতরা। পাশে ছিলেন শৈশবসঙ্গী সচিন তেন্ডুলকরও। তখনই স্পষ্ট হয়েছিল, স্বাস্থ্যজনিত সমস্যার সঙ্গে লড়াই করছেন তিনি। পরে জানা যায় আর্থিক সমস্যাও জাঁকিয়ে বসেছে প্রাক্তন এই ব্যাটসম্যানের জীবনে। বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ও রাজনৈতিক ব্যক্তিত্ব এগিয়ে এসে সাহায্যের হাত বাড়ান।
বীরেন্দ্র এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘দাদা আগের থেকে স্থিতিশীল হলেও এখনও স্বাভাবিক হয়নি। হাঁটতে এবং কথা বলতে সমস্যা হয়। চিকিৎসকেরা ফিজ়িয়োথেরাপি চালিয়ে যেতে বলেছেন। আশা করছি, কয়েক মাস পরেই ও অনেকটাই সুস্থ হয়ে উঠবে। দাদা একজন চ্যাম্পিয়ন। আমি নিশ্চিত, স্বাভাবিক জীবনে ফিরে আসবে।’’ ভাইয়ের আবেগঘন মন্তব্যে ভেসে উঠছে পরিবারের লড়াই ও বিশ্বাসের ছবি।
ভারতের হয়ে ১৭টি টেস্ট ও ১০৪টি এক দিনের ম্যাচ খেলা কাম্বলি প্রতিভাধর হলেও উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে দ্রুত হারিয়ে যান আন্তর্জাতিক মঞ্চ থেকে। আজ শারীরিক ও আর্থিক সঙ্কটে তিনি ভগ্ন, কিন্তু সমর্থকরা চান আবার লড়াই জিতে ফিরুক তাঁদের প্রিয় ক্রিকেটার। কাম্বলির জন্য তাই এখন একটাই আবেদন— আরও ভালোবাসা, আরও প্রার্থনা।







