দশ বছর আগে ২০১৪ সালে, ড্যানিয়েল ওয়্যাটের একটি টুইট সমাজমাধ্যমে ঝড় তোলে। ইংল্যান্ডের এই অলরাউন্ডার কোহলিকে মজার ছলে প্রস্তাব দিয়ে লেখেন, “আমাকে বিয়ে করো কোহলি।” সেই ভাইরাল পোস্টের দশ বছর পর, ওয়্যাট এবার কোহলিরই দলে! ইউপি ওয়ারিয়র্স ছেড়ে মহিলাদের প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন ড্যানিয়েল।
প্রথমবারের মতো সরাসরি ‘ট্রেডিং’-এর মাধ্যমে বেঙ্গালুরুতে ওয়্যাটকে অন্তর্ভুক্ত করেছে দলটি। গত মরসুমে ইউপি ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচেও খেলতে না পারা ওয়্যাট এবার বেঙ্গালুরুর হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন। আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা জানিয়েছেন, “ওর দক্ষতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা আমাদের দলের জন্য খুবই উপযোগী।”
উল্লেখ্য, কোহলির কাছে প্রস্তাব দেওয়া সেই ভাইরাল মুহূর্তের পর কোহলি পরে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেন। আর এ বছর ওয়্যাট সমকামী বলে জানান এবং মহিলা ফুটবলার জর্জিয়া হজকে বিয়ে করেন। মাঠের বাইরের গল্প যেমনই হোক, এবার আরসিবি শিবিরে ওয়াটের ম্যাচজয়ী ইনিংস দেখার জন্য দর্শকদের উত্তেজনার শেষ নেই।







