২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। এবারের টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দেশ। তবে মাঠে বল গড়ানোর আগেই সূচিতে বড়সড় রদবদল ঘোষণা করল আইসিসি। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করেই এই পরিবর্তন ঘটল।
বেঙ্গালুরুতে ম্যাচ আয়োজন বাতিল
২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেতাব জয়ের পর উদযাপনে চিন্নস্বামী স্টেডিয়ামে ব্যাপক ভিড় জমে যায়। সেখানে পদপিষ্ট হয়ে কয়েকজন সমর্থকের মৃত্যু হয়। কর্নাটক সরকারের গঠিত কমিশন স্পষ্ট জানায়, এত বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য চিন্নস্বামী স্টেডিয়াম একেবারেই নিরাপদ নয়। এর পরই আইসিসি এই ভেন্যু থেকে সমস্ত বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
নয়া ভেন্যু নবি মুম্বই ও গুয়াহাটি
৩০ সেপ্টেম্বর নির্ধারিত ভারত–শ্রীলঙ্কা ম্যাচ এবং ৩ অক্টোবরের ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা ম্যাচ বেঙ্গালুরুর বদলে আয়োজিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। আবার ২০ অক্টোবর শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচ, ২৩ অক্টোবর ভারত–নিউজিল্যান্ড এবং ২৬ অক্টোবর ভারত–বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হবে নবি মুম্বইয়ে। ফাইনালের ভেন্যুও পরিবর্তিত হতে পারে—সম্ভাবনা রয়েছে এটি নবি মুম্বই অথবা কলম্বোয় আয়োজিত হওয়ার।
জয় শাহের বক্তব্য
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “নবি মুম্বই এখন মহিলা ক্রিকেটের এক নতুন ঘর। আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে মহিলা প্রিমিয়ার লিগ—সমর্থকদের অগাধ সাড়া এখানকার মাঠকে বিশেষ করে তুলেছে। এই পরিবেশই ক্রিকেটারদের আরও উজ্জীবিত করবে এবং মহিলা বিশ্বকাপকে সাফল্যের পথে নিয়ে যাবে।”







