খেলাধুলা

নতুন সংবিধান ঘিরে ফেডারেশনের দ্বিধা, সমাধান খুঁজছেন প্রাক্তন বিচারপতি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবল প্রশাসনে ফের নয়া টানাপোড়েন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর নতুন সংবিধান কার্যকর হওয়ার আগে জটিলতা দেখা দিয়েছে কার্যকরী কমিটির সদস্যপদ নিয়ে। ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিতে রাজ্য ও কেন্দ্রীয়—দুই সংস্থায় একসঙ্গে দায়িত্ব পালন আর সম্ভব নয়। আর এই ধারা নিয়েই তৈরি হয়েছে বড় সমস্যা, যা সমাধানে এগিয়ে এলেন প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও।

ফেডারেশনের নতুন সংবিধানের ২৫.৩ অনুচ্ছেদ অনুযায়ী, ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য হলে রাজ্য ফুটবল সংস্থার পদ ছাড়তে হবে। ফলে একাধিক সদস্য—যেমন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হ্যারিসসহ অনেকেই—দ্বিধায় পড়েছেন। তাঁদের মেয়াদ বাকি মাত্র আট মাস, এরপর নির্বাচন। এখন পদ ছাড়লে ভবিষ্যতে নির্বাচনে না জিতলে হারাতে হবে উভয় অবস্থানই। স্বাভাবিকভাবেই প্রশাসনিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে ফেডারেশনের আইনজীবীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই ধারার পুনর্মূল্যায়নের জন্য। তাঁদের দাবি, ফিফাও ওই ধারা নিয়ে আপত্তি জানিয়েছে। আদালতের ডিভিশন বেঞ্চ (পিএস নরসীমা রাও ও এসএস চান্দুরকর) সাফ জানায়, “ভারতীয় ফুটবল নিয়ন্ত্রণ করা আদালতের কাজ নয়। তবে সমাধানের পথ দেখানোই আমাদের দায়িত্ব।”

এখন সিদ্ধান্তের ভার প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও ও বিচারপতি জয়মাল্য বাগচির হাতে। শনিবার নাগেশ্বর রাও সব পক্ষের বক্তব্য শুনে রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফুটবল প্রশাসনের ভবিষ্যৎ এখন নির্ভর করছে এই এক রায়ের ওপর—এক ব্যক্তি, এক পদ, নাকি প্রশাসনিক বাস্তবতার নতুন ব্যাখ্যা?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.