পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। এর আগেও একাধিকবার মামলাটি তালিকাভুক্ত না হওয়ায় পিছিয়ে গিয়েছিল শুনানি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ মে কলকাতা হাই কোর্ট জানায়, ২০১০ সালের পরে রাজ্যের ওবিসি তালিকায় যুক্ত হওয়া সমস্ত সম্প্রদায়কে বাতিল করতে হবে। সেই সঙ্গে ২০১০-এর পর থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্রও অকার্যকর ঘোষণা করা হয়। রায়ে বলা হয়, সামাজিক, আর্থিক ও পেশাগত সমীক্ষার ভিত্তিতে নতুন করে ওবিসি তালিকা তৈরি করতে হবে রাজ্যকে।
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার সমীক্ষা চালিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলেও, তার বিরুদ্ধে ফের মামলা হয়। এর পর গত ১৭ জুন রাজ্য হাই কোর্ট সেই বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করে। রাজ্য সরকার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। ২৮ জুলাই শীর্ষ আদালত হাই কোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। কিন্তু পরে একাধিকবার মামলাটি আদালতের তালিকায় না ওঠায় কার্যত বিলম্বিত হচ্ছে শুনানি।
ওবিসি শংসাপত্র মামলা ছাড়াও এর সঙ্গে জুড়ে ছিল জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশ-সংক্রান্ত মামলা। গত শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে জয়েন্ট ইস্যুতে শুনানি হয় এবং হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। এরপরই রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ করা হয়।







