ব্যান্ড ‘হুলি-গান-ইজম’–এর সাম্প্রতিক শো ঘিরে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেতা-গায়ক অনির্বাণ ভট্টাচার্য। রবিবারের সেই আসরে মঞ্চ থেকে তাঁর গাওয়া গান ও বক্তব্যকে ঘিরে নেটমাধ্যমে তৈরি হয়েছে প্রবল শোরগোল। মূল বিতর্কের বিষয়—‘সনাতন ধর্ম’ নিয়ে তাঁর মন্তব্য।
শো চলাকালীন অনির্বাণ বলেন—
“সনাতন এসে গেছে… আর সনাতনী? …ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে। সবাই এগোয়, আমরা পিছিয়ে যাব।”
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিও ক্লিপিং। মুহূর্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
তাঁর বক্তব্য, “বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য, আপনার এই অসচেতন, জ্ঞানহীন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পৃথিবীর প্রাচীনতম জীবনচর্চা হল সনাতন ধর্ম। অথচ আপনি সেটিকে হেয় করলেন? অন্য কোনও ধর্ম নিয়ে এমন মন্তব্য করলে কী পরিণতি হতো নিশ্চয়ই জানেন।”
রুদ্রনীল এখানেই থামেননি। তিনি অনির্বাণের ক্যারিয়ার ও অবস্থান নিয়েও খোঁচা দেন। তাঁর অভিযোগ, “টলিউডে কাজ না মেলায় গান গেয়ে জীবিকা নির্বাহ করছেন। অথচ শিল্পীর দায়িত্ব ভুলে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন।” পাশাপাশি RG Kar ডাক্তার হত্যা, শিক্ষক আন্দোলন বা দুর্নীতি প্রসঙ্গে অনির্বাণের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অন্যদিকে, ‘হুলি-গান-ইজম’-এর পূর্ববর্তী গান নিয়েও আলোচনা কম হয়নি। কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, শতরূপ ঘোষ—‘তিন ঘোষ’-কে নিয়ে ব্যঙ্গাত্মক ছড়া কেটেছিল অনির্বাণের ব্যান্ড। কুণাল ঘোষ ও শতরূপ ঘোষ বিষয়টিকে হালকাভাবে নিয়ে প্রশংসা করলেও, দিলীপ ঘোষ নীরব থেকেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘চতুর্থ ঘোষ’ রুদ্রনীল।
তাঁর স্পষ্ট হুঁশিয়ারি—
“যদি অজ্ঞতা থেকে এ কথা বলে থাকেন, প্রকাশ্যে জানান। সনাতনী সমাজ ক্ষমা করবে। কিন্তু জেনে-শুনে বললে ক্ষমা চাইতেই হবে। কারণ সনাতন ধর্ম চিরন্তন, আপন আমি থাকি বা না থাকি, সনাতন ছিল, আছে এবং থাকবে।”
এর আগে অনির্বাণ নিজেই অভিযোগ করেছিলেন, টলিপাড়ায় তাঁকে ‘সাইডলাইন’ করা হচ্ছে। অভিনয়ের সুযোগ কমে গেলেও গানই তাঁর মঞ্চ। তবে এবার সেই গানের দলকেই ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক জড়িয়ে পড়লেন অভিনেতা-গায়ক।







