টাকার জন্য , হাসপাতালে রোগীর মৃতদেহ আটকে রাখার খবর প্রায়শই শোনা যায় । প্রায়শই অভিযোগ ওঠে , হাসপাতালে বিল বাকি , তাই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না রোগীর মৃতদেহ । এবার এই বিষয়ে স্বাস্থ্য কমিশনের তরফে জারি করা হলো কড়া নির্দেশিকা । স্বাস্থ্য কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে , বিলের টাকা না মেটালেও , আটকে রাখা যাবে না মৃতদেহ । কমিশনের তরফে বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময় , এবং তার মধ্যেই পরিবারের হাতে তুলে দিতে হবে মৃতদেহ । পাশাপাশি , এই নির্দেশিকা যদি কোনো হাসপাতাল না মানে , তাহলে , সেই হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনের তরফে কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে ।
ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন বা স্বাস্থ্য কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে রোগীর মৃত্যুর পর, তার মৃতদেহ যত দ্রুত সম্ভব, পরিবারের হাতে তুলে দিতে হবে । হাসপাতালগুলি মৃতদেহ রাখতে পারবে , সর্বোচ্চ পাঁচ ঘণ্টা , তার বেশি সময় , মৃতদেহ আটকে রাখলে , সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে স্বাস্থ্য কমিশন । এমনকি কমিশনের নির্দেশ অমান্য করলে হাসপাতালের লাইসেন্সও বাতিল হতে পারে ।
আর হাসপাতাল কর্তৃপক্ষ যদি , কোনো কারণে মৃতদেহ রোগীর হাতে তুলে দিতে , ৫ ঘণ্টার বেশি সময় লাগে , সেক্ষেত্রে , যথোপযুক্ত কারণ দেখাতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ কে । পাশাপাশি এই বিষয়ে কমিশনকেও জানিয়ে রাখতে হবে । উল্লেখ্য , যদি কোনো মৃতের পরিবার, নির্দিষ্ট সময়ের থেকে বেশি সময়ের জন্য , মৃতদেহ হাসপাতালের মর্গে রাখার লিখিত আবেদন জানান , তাহলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সেক্ষেত্রে স্বাস্থ্য কমিশন কোনো পদক্ষেপ নেবে না ।
স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , “কোনও রোগী যদি হাসপাতালে মারা যান, তাহলে দ্রুত দেহ ছাড়তে হবে। টাকার জন্য দেহ আটকে রাখা যাবে না। আমাদের আইনেই তা রয়েছে। তারপরও এদিন আবার স্মরণ করে দিয়েছি। যদি ৫ ঘণ্টার বেশি মৃতদেহ আটকে রাখা হয়, আমরা ব্যবস্থা নেব।”






