আজ থেকে শুরু হচ্ছে একমাসব্যাপী এশিয়া কাপের প্রতিযোগিতা। প্রথম দিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং।আট দলের এই লড়াইয়ে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও আমিরশাহি। অন্যদিকে গ্রুপ বি-তে খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। গতবারের চ্যাম্পিয়ন ভারত মাঠে নামবে বুধবার, বিপক্ষে সংযুক্ত আরব আমিরশাহি। ১৫ তারিখ হবে ভারত-পাকিস্তান মহারণ, যা নিয়ে ক্রিকেট দুনিয়ায় পারদ চরমে। ফরম্যাট অনুযায়ী, টুর্নামেন্টে তিনবার পর্যন্ত মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।রাউন্ড রবিন লিগ শেষে চারটি দল যাবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দু’টি দল উঠবে ফাইনালে।
এর মধ্যেই পুরস্কার মূল্য নিয়ে চলেছে জল্পনা। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও মনে করা হচ্ছে গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে টাকার অঙ্ক। চ্যাম্পিয়ন পাবে ৩ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২.৬ কোটি টাকা), রানার্স আপের ঝুলিতে যেতে পারে ১.৫ লক্ষ ডলার। এমনকি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও পাবেন মোটা অঙ্কের পুরস্কার। তবে আইসিসি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।







