ভারতীয় ফুটবলের ইতিহাসে বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোয়া। শুধু শুভেচ্ছা সফর নয়, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে ভারতের মাটিতে পা রাখতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে এফসি গোয়ার বিপক্ষে নামতে পারেন এই বিশ্বফুটবলের মহাতারকা। যদি সব ঠিক থাকে, তবে ২২ অক্টোবর গোয়ায় প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামবেন সিআর সেভেন। ফলে গোটা দেশের নজর এখন ঘুরে গিয়েছে সেই সম্ভাবনার দিকে।
আল নাসের কর্তৃপক্ষ ইতিমধ্যেই রোনাল্ডোর নাম নথিভুক্ত করেছে এফসি গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য। যদিও নিয়ম অনুযায়ী, বিদেশ সফরের ম্যাচে তাঁকে খেলতে বাধ্য করতে পারবে না ক্লাব, তবে রোনাল্ডো চাইলে নামতেই পারেন মাঠে। এ জন্যই ভারতের দর্শকরা তৈরি হচ্ছেন এক ঐতিহাসিক রাতের জন্য। শুধু রোনাল্ডো নয়, আল নাসের পূর্ণশক্তির দলে রয়েছে সাদিও মানে, কিংসলে কোম্যান ও জোয়াও ফেলিক্সের মতো তারকারাও।
এফসি গোয়া এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে কঠিন গ্রুপে পড়েছে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরাকের আল জাওরা, তাজিকিস্তানের ইস্তিকলল এবং সৌদি আরবের আল নাসের। সূচি অনুযায়ী গোয়ার ঘরের মাঠে ১৭ সেপ্টেম্বর আল জাওরা, ১ অক্টোবর ইস্তিকলল এবং ২২ অক্টোবর আল নাসেরের বিরুদ্ধে ম্যাচ। এই শেষ ম্যাচটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু, কারণ রোনাল্ডোর আগমন ভারতীয় ফুটবলের জন্য যুগান্তকারী ঘটনা হতে পারে।
ভারতের মাটিতে প্রতিযোগিতামূলক ফুটবলে বিশ্বসেরা তারকার পা রাখা শুধু ফুটবল প্রেমীদের জন্য নয়, সমগ্র ক্রীড়া দুনিয়ার জন্যই এক ঐতিহাসিক উপলক্ষ হয়ে উঠতে পারে। মাঠভর্তি দর্শক, বৈশ্বিক প্রচার আর আন্তর্জাতিক আকর্ষণ—সব মিলিয়ে গোয়ায় সেই রাত হতে পারে ভারতীয় ফুটবলের এক নতুন সূচনা।







