দেশ

“মেসেজে ছুটি, আর জীবনে ছুটি— মিনিট দশেকের ব্যবধানে স্তব্ধ কর্মীর জীবন”

অফিসে বসকে ছুটি চাইতে মেসেজ করেছিলেন শংকর নামের এক কর্মী। লিখেছিলেন, পিঠে আর কোমরে অসহ্য যন্ত্রণা, টানা বসে কাজ করা সম্ভব নয়। বসও স্বাভাবিকভাবে ভেবে ছুটি মঞ্জুর করেছিলেন। কিন্তু সেই মেসেজের মাত্র ১০ মিনিটের মধ্যেই ঘটে গেল চরম অঘটন—হঠাৎই মৃত্যু হয় শংকরের।

ঘটনাটি তুলে ধরেন সংস্থার শীর্ষকর্তা কেভি আইয়ার। X হ্যান্ডেলে তিনি লেখেন,
“আমার সহকর্মী শংকর সকাল ৮টা ৩৭ মিনিটে মেসেজ করেছিলেন। লিখেছিলেন শরীর খারাপ, অফিস আসতে পারবেন না। আমি তেমন গুরুত্ব দিইনি, ভাবলাম সামান্য সমস্যা। ছুটি দিয়ে দিলাম। কিন্তু সকাল ১১টার দিকে ফোন পেলাম, জানানো হল শংকর মারা গিয়েছেন। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে ছুটে যাই তাঁর বাড়িতে। গিয়ে দেখি, সত্যিই আর নেই শংকর।”

মাত্র ৪০ বছর বয়সি শংকর ছিলেন বিবাহিত, এক সন্তানের বাবা। দীর্ঘ ৬ বছর ধরে ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতেন, ধূমপান-মদ্যপান করতেন না। পরিবার সূত্রে জানা গেছে, আচমকা হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর।

কেভি আইয়ার লেখেন,
“যে মানুষ সকাল ৮টা ৩৭ মিনিটে আমাকে মেসেজ করলেন, তিনিই ৮টা ৪৭ মিনিটে আর নেই—এটা বিশ্বাস করা যায় না। জীবন খুবই অনিশ্চিত। তাই যতদিন বাঁচি খুশি থাকি, সবার সঙ্গে ভালো ব্যবহার করি। কারণ, কে জানে পরের মুহূর্তে কী অপেক্ষা করছে।”

সম্প্রতি এমন হৃদরোগজনিত আকস্মিক মৃত্যুর ঘটনা ক্রমেই বাড়ছে—কখনও ক্লাস নেওয়ার সময়ে, কখনও আবার বিবাহ আসরে নাচের মাঝেই প্রাণ হারাচ্ছেন সুস্থ মানুষ। চিকিৎসকরা তাই সতর্ক করছেন—যেকোনও শারীরিক সমস্যা হালকাভাবে না নিয়ে, দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই একমাত্র উপায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.