অপারেশন সিঁদুর’-এর সময় কাবুল সফর করেছিলেন ভারতের বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ। আর এবার, পাকিস্তানের কূটনৈতিক চাপে পাল্টা চাল দিতে ভারতে পা রাখতে চলেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সবকিছু পরিকল্পনামাফিক চললে, চলতি মাসের মধ্যেই নয়াদিল্লিতে আসবেন তিনি। এই সফর ঘিরেই শুরু হয়েছে তীব্র জল্পনা—তালিবান সরকারকে কি এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ভারত?
রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞায় এতদিন বিদেশ সফরে যেতে পারছিলেন না মুত্তাকি। সম্প্রতি সেই আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই তাঁর সফরের পথ খুলে যায়। আফগান পররাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। চিন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক সেরে তিনি ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে নয়াদিল্লি সফরে আসতে পারেন—রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়েই।
২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর এই প্রথম কোনও তালিবান মন্ত্রী ভারতের মাটিতে আসছেন। এর আগ পর্যন্ত নয়াদিল্লি কাবুল প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে, রাশিয়া ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে তালিবানকে।
ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারত হয়তো নতুন কূটনৈতিক পথে হাঁটতে পারে। কারণ, আমেরিকা ও চিনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা দিল্লিকে চাপে ফেলছে। সেই চাপে ভারসাম্য আনতেই তালিবানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পথে যেতে পারে ভারত। তাছাড়া, পহেলগাঁও সন্ত্রাসকাণ্ডের পর ভারতের পাশে দাঁড়িয়ে নিন্দা জানিয়েছিল তালিবান সরকার—যা নয়াদিল্লির কাছে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
তাই এখন সব নজর মুত্তাকির সফরে—এই সফর কি বদলে দেবে ভারত-আফগান কূটনীতির সমীকরণ? না কি এখনও দূরত্বই বজায় রাখবে দিল্লি? উত্তর পাবে বিশ্ব, খুব শিগগিরই।






