রাজ্য

অবসর নিলেন টিএস শিবজ্ঞানম, কে হলেন পরবর্তী প্রধান বিচারপতি

বয়সজনিত কারণে অবসর নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ভারতীয় নিয়ম অনুযায়ী, ৬২ বছর বয়সে হাইকোর্টের বিচারপতিদের অবসর নিতে হবে। ১৫ সেপ্টেম্বর ২০২৫-এ প্রধান বিচারপতির ৬২ বছর পূরণ হয় যার ফলে সোমবারই ছিল হাই কোর্টে বিচারপতি শিবজ্ঞানমের শেষ দিন।

ভারতীয় সংবিধানের ২২৩ ধারা অনুযায়ী,কোনও হাই কোর্টের প্রধান বিচারপতি অবসর নিলে, পদত্যাগ করলে, বদলি হলে বা সাময়িকভাবে দায়িত্ব পালন করতে না পারলে, তখন সেই হাই কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারপতিকে কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি অস্থায়ীভাবে প্রধান বিচারপতির দায়িত্ব দেন। বর্তমানে হাইকোর্টের সবচেয়ে বরিষ্ঠ বিচারপতি সৌমেন সেনকে নিয়োগ করেছেন ভারতীয় রাষ্ট্রপতি। কিন্তু এখানে তৈরি হয়েছে জটিলতা। সুপ্রিম কোর্টের কলেজিয়াম কয়েক দিন আগেই বিচারপতি সেনকে মেঘালয় হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি পদে পাঠানোর সুপারিশ করেছে। ফলে প্রশ্ন উঠছে এই অস্থায়ী দায়িত্ব কত দিনের জন্য? কলকাতা হাই কোর্টের পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতি কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই আইনি মহলে জল্পনা তুঙ্গে।

২০১১ সাল থেকে বিচারপতি সৌমেন সেন কলকাতা হাই কোর্টে দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুলাইয়ে। গুরুত্বপূর্ণ একাধিক মামলার রায় তিনি দিয়েছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন একবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংঘাতের সূত্রে। মেডিক্যাল ভর্তি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্ত নিয়ে দ্বন্দ্ব পৌঁছেছিল এমন পর্যায়ে যে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.