বাঘ ধরতে নামানো হয় সেনা ! এমনকি বাঘকে ফাঁদে আনতে চালানো হয় ড্রোনের মাধ্যমে নজরদারিও ! কারণ এ বাঘ যে সে বাঘ নয় , ছিল ‘মানুষখেকো’ চিতাবাঘ । ঘটনা রাজস্থানের উদয়পুরের । এই চিতাবাঘের আতঙ্কে কার্যত অতিষ্ট হয়ে উঠেছিল স্থানীয়দের জনজীবন । এবার ৫ দিনের কড়া নজরদারি এবং প্রচেষ্টার পর বাগে আসল চিতাবাঘ । জানা গেছে গত ৫ দিনে এক শিশু সহ তিনজন আহার হয়েছে এই চিতাবাঘের ।
চিতাবাঘটিকে ধরতে , সে যে অঞ্চলে হামলা চালাচ্ছিল , সেই অঞ্চলেই একটি ফাঁদ পাতা হয় বনদফতর ও সেনার তরফে । ফাঁদ হিসাবে ব্যবহার করা হয় একটি লোহার খাঁচা । মানুষখেকো চিতাবাঘটিকে ধরতে মাছের জল ছড়ানো হয় , ফাঁদ হিসাবে ব্যবহার করা , লোহার খাঁচার চারপাশে । এছাড়াও চিতাবাঘটিকে বাগে আনতে খাঁচার ওপর টোপ হিসাবে ঝোলানো হয় মাংসও । পরিকল্পনা সফল হয় বনদফতর এবং সেনাদের । খাদ্যের লোভে খাঁচায় প্রবেশ করে চিতাবাঘটি । ব্যাস তারপরেই উল্লাস গ্রামবাসীদের , কারণ ৫ দিনের আতঙ্কের পর অবশেষে ধরা পড়েছে ‘মানুষখেকো’ ।
বন দফতরের তরফে জানা গেছে , রাজস্থানের উদয়পুরের কয়েকটি গ্রামে বেশ কয়েকদিন ধরেই উৎপাত চালাচ্ছিল চিতাবাঘটি । চিতাবাঘের হামলায় নিহত হয়েছেন তিনজন এবং আহত হয়েছেন অনেকেই । এমনকি প্রাণের মায়ায় , চিতাবাঘের আতঙ্কে বাড়ি থেকে বেরোতেই পারছিলেন না গ্রামবাসীরা । বনদফতরের তরফেও চিতাবাঘের কোনো হদিস না পাওয়া যাওয়ায় , অবশেষে পরিস্থিতির গাম্ভীর্য বুঝে নামানো হয় সেনা । এবং শেষমেষ বন দফতর ও সেনার যৌথ উদ্যোগে চিতাবাঘের আতঙ্ক থেকে মুক্তি পান গ্রামবাসীরা।







