নিজস্ব সংবাদদাতা : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাতে বুকে অস্বস্তি অনুভব করেন। এরপর তার ইসিজি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন,রিপোর্টে চিন্তার কিছু নেই। ইসিজি-র পাশাপাশি পরে এক্সরে-ও করানো হয় । আজ বৃহস্পতিবার করানো হবে ‘আল্ট্রা সাউন্ড’।
সূত্রের খবর, তাঁর শরীরে এখনও রাইলস টিউবের মাধ্যমেই খাবার প্রবেশ করছে । বুদ্ধদেব বুধবারই আম খাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। কিন্তু রাইলস টিউব দিয়ে তাঁর শরীরে খাবার প্রবেশ করানো হচ্ছে। ফলে খাবার শরীরে ঢুকছে ঠিকই, কিন্তু তার স্বাদগ্রহণ করতে পারছেন না। এই পরিস্থিতিতে মুখ দিয়ে খাবার খেলে তাতে বিষম খাওয়ার সম্ভাবনা রয়েছে। যাতে বুদ্ধদেবেরও মুখ দিয়ে খাবার খেয়ে বিষম না খান, সে জন্য আগে থেকেই ‘স্পিচ অ্যান্ড সোয়ালো রিহ্যাবিলিটেশন থেরাপি’ দেওয়া শুরু হয়েছিল। এই ‘অ্যাসেসমেন্ট’ লাগাতার চলবে। সংক্রমণ খানিক বাগে আসার পর বুধবারই বুদ্ধদেবের জিভে আমের মণ্ড ঠেকানো হয়, যাতে আমের স্বাদ তিনি পেতে পারেন।
উল্লেখ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সংক্রমণের প্রকোপ কিছুটা হলেও কাটিয়ে উঠছেন। তবে এখনও বিরতি দিয়ে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখছেন চিকিৎসকেরা। শরীরে লাগানো নল নিয়ে অবশ্য বরাবরই আপত্তি জানিয়ে এসেছেন বুদ্ধদেব।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা এক ডাক্তার জানিয়েছেন, বুধবার রাতে হঠাৎই তিনি বুকে অস্বস্তি অনুভব করেছিলেন। এর পর তাঁর ইসিজি করানো হয়। রিপোর্ট বলছে, চিন্তার কিছু নেই এমনটাই জানিয়েছেন চিকিৎসক । এর পরে বুদ্ধদেবের এক্সরে-ও করানো হয়। সেই রিপোর্টে কিছু অংশ অস্পষ্ট। তবে কি বুকে জল জমেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর? যদিও গত সোমবার বুদ্ধদেবের বুকের সিটি স্ক্যান করানো হয়। তখন বুকে জলের অস্তিত্ব পাওয়া যায়নি। তা হলে কি শেষ ৪৮ ঘণ্টায় বুকে জল জমল? সে সম্পর্কে নিশ্চিত হতেই আজ বৃহস্পতিবার তাঁর আল্ট্রা সাউন্ড করানো হবে এমনটাই চিকিৎসক সূত্রে খবর।







