পুজোর উৎসবমুখর কলকাতায় বাজছে ঢাক, তবে ইস্টবেঙ্গল শিবিরে চলছে পরের লড়াইয়ের প্রস্তুতি। সদ্য শেষ হওয়া কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়ে নতুন আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদ শিবির। মাঝমাঠের ভরসা সৌভিক চক্রবর্তী জানালেন, এই জয়ই তাঁদের কাছে অনুপ্রেরণা। সামনে একে একে আইএফএ শিল্ড, সুপার কাপ ও আইএসএল— প্রতিটি টুর্নামেন্টেই সেরাটা দিয়ে শিরোপা জয় করাই এখন দলের একমাত্র লক্ষ্য।
ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ৪১তম কলকাতা লিগ ট্রফি ঘরে তুলেছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ২-১ গোলের জয়ের পর দলের আত্মবিশ্বাস তুঙ্গে। সৌভিকের মতে, জুনিয়ররা এবার সুযোগ পেয়ে নিজেদের মেলে ধরেছেন। এর ফলে শুধু দলে প্রতিযোগিতা বাড়েনি, মূল একাদশ বেছে নেওয়াও কঠিন হয়ে উঠেছে। অস্কার ব্রুজোঁর সামনে তাই এখন মরশুমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ— ধারাবাহিকতা ধরে রাখা।
অক্টোবরের শুরুতেই আসছে আইএফএ শিল্ড। গত মরশুমে যেখানে ডুরান্ড কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল, আর আইএসএলেও সাফল্য আসেনি, এবার সেই ব্যর্থতা পুষিয়ে দেওয়ার অপেক্ষায় লাল-হলুদরা। সৌভিকের ভাষায়, “ফিটনেসে কোনও ঘাটতি নেই। প্রত্যেকে নিজের দায়িত্ব বোঝে। তাই এবার প্রতিটি টুর্নামেন্টে শিরোপার জন্য লড়াই করব।”
সুপার কাপে বিদেশি খেলানোর নিয়ম নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। মোহনবাগান ফেডারেশনকে চিঠি দিয়ে বিদেশির সংখ্যা কমানোর দাবি তুললেও, সৌভিক জানিয়ে দিলেন— বিতর্ক নয়, মাঠেই তাঁদের উত্তর। যে নিয়ম তৈরি হবে, সেই অনুযায়ী খেলতে তাঁরা প্রস্তুত। তবে তিনি এটাও মনে করেন, যত বেশি ম্যাচ খেলবেন ভারতীয় ফুটবলাররা, জাতীয় দলের জন্যও সেটাই হবে সবচেয়ে বড় লাভ।







