জেলারাজনীতি

গঙ্গাভাঙন ইস্যুতে ফের বিতর্কের কেন্দ্রে হুমায়ুন কবীর

আবারও নিজের দলের অন্দরে বিতর্ক উসকে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। গঙ্গাভাঙন নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুললেন তিনি। শুধু তাই নয়, তাঁর তোপে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

লালগোলায় গঙ্গাভাঙন যেন এখন নিত্যদিনের ঘটনা। বছরের পর বছর নদী গিলে নিচ্ছে ঘরবাড়ি, জমিজমা—সব কিছু। সম্প্রতি একটি কালীমন্দিরও গঙ্গার জলে তলিয়ে গিয়েছে। এই ঘটনাকেই সামনে এনে ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন। তাঁর বক্তব্য, “উত্তরবঙ্গে বিপর্যয়ে মুখ্যমন্ত্রী থেকে বিরোধী নেতা—সবাই পৌঁছে যান। কিন্তু মুর্শিদাবাদের এই লালগোলার দিকে কেউ তাকাচ্ছেন না। তিন মাস ধরে গঙ্গা ভাঙছে, অথচ কেউ পাত্তাই দিচ্ছে না।”

তিনি আরও বলেন, “আমরা নিজেরাই নিজেদের সঙ্গে লড়াই করি। তাই কেন্দ্রের মতো বড় দপ্তরগুলি দায় এড়িয়ে যায়। আমাদের কিছু জনপ্রতিনিধিও শুধু দায় ঠেলার রাজনীতি করছেন। কিন্তু জনগণ সময় এলে তার জবাব দেবে।”

হুমায়ুনের এই মন্তব্যে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাচ্ছিল্যের সুরে বলেন, “ওঁর কথা নিয়ে গুরুত্ব দেওয়ার কিছু নেই। উনি তৃণমূলে থেকে এসব বলছেন কেন, সেটাই ভাবার বিষয়।”

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী অবশ্য হুমায়ুনের দাবি খারিজ করেছেন। তাঁর বক্তব্য, “রাজ্যসভার সাংসদরা সংসদে ভূতনী থেকে লালগোলার গঙ্গাভাঙন নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি। ভাঙন রোখা একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। কেন্দ্রের দায়িত্বও এখানে কম নয়।”

তবে দলের মধ্যে এর আগেও একাধিকবার ‘দলবিরোধী’ মন্তব্যের জন্য সতর্ক হয়েছেন হুমায়ুন কবীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও হয়েছে বৈঠক। তবু দেখা যাচ্ছে, হুমায়ুন তাঁর পুরনো স্বভাব থেকে সরে আসেননি—যা ভাবেন, তা খোলাখুলিই বলেন। আর তাতেই ফের রাজনৈতিক মহলে তোলপাড় মুর্শিদাবাদের এই বিধায়ককে ঘিরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.