প্রয়াত হলেন পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শনিবার সকালে তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে টলিপাড়ায়।
স্ত্রীর মৃত্যুসংবাদে ভেঙে পড়লেন গৌতম ঘোষ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত পরিচালক বলেন,
“আমি ওঁর উপর প্রচণ্ড নির্ভরশীল ছিলাম। আমাকে পুরো কাঙাল করে দিয়ে চলে গেল। জানি না কীভাবে আগামী দিনগুলো কাটাব। ১৯৭৮ সাল থেকে একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল। এতটা পথ চলার পর আচমকা সব শেষ।”
গৌতম ঘোষ জানান, শুক্রবার রাতেই হঠাৎ ঘটে যায় এই দুর্ঘটনা।
“ওর কোনও শারীরিক সমস্যা ছিল না। সকাল থেকে অন্য দিনের মতোই কাজ করছিল। দুপুরে কাঁথাশিল্পের কাজে মহিলাদের নিয়ে ব্যস্ত ছিল। বিকেলে হঠাৎ বুকব্যথা ও ঘাম শুরু হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু জানা যায়, শরীরের ভিতরে অ্যানিউরিজম ফেটে রক্তক্ষরণ হচ্ছে। কিছুই করার ছিল না।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা:
পরিচালকের সহধর্মিণীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,
“আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী, আজ সকালে প্রয়াত হয়েছেন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে কাঁথাশিল্পের কাজে। গৌতমদাকে মন শান্ত রেখে কাজ চালিয়ে যেতে অনুরোধ করব—বৌদির স্মৃতিই তাঁর প্রেরণা হয়ে থাকুক।”
আসন্ন উৎসবের আবহে, গৌতম ঘোষের জীবনে নেমে এসেছে ব্যক্তিগত অন্ধকার। টলিপাড়ার সহকর্মীরা ও শুভানুধ্যায়ীরা ইতিমধ্যেই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।







