জেলা

বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটার তালিকায় নাম! গোবরডাঙায় ‘দ্বৈত নাগরিকত্ব’ বিতর্কে চাঞ্চল্য

ভারত ও বাংলাদেশের ভোটার তালিকায় একই পরিবারের নাম! এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এল উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার অন্তর্গত পায়রাগাছি গ্রামে। অভিযোগ, বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঝিটকি গ্রামের বাসিন্দা তারকনাথ ঢালি ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে গোবরডাঙার বেড়গুম ২ পঞ্চায়েতের পায়রাগাছি এলাকায় বসবাস করছেন এবং তাঁদের নামে ভারতের আধার, ভোটার কার্ডসহ প্রয়োজনীয় নথিও রয়েছে।

শনিবার খবর প্রকাশ্যে আসতেই ওই পরিবারের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। নথি যাচাই থেকে শুরু করে জিজ্ঞাসাবাদ— সবই করা হয়। সূত্রের খবর, কীভাবে বাংলাদেশ থেকে এদেশে এসে ওই পরিবার ভারতীয় নাগরিকত্বের নথি জোগাড় করল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের দাবি, ঢালি পরিবার আসলে বাংলাদেশি নাগরিক। তাঁদের নাম এখনও বাংলাদেশের ভোটার তালিকায় রয়েছে। তবুও তাঁরা ভারতের নাগরিক হিসেবে সব ধরনের সরকারি নথি তৈরি করেছেন। ফলে প্রশ্ন উঠেছে— কার মদতে এমন কাজ সম্ভব হল? কে বা কারা তাঁদের নাগরিকত্বের প্রমাণ তৈরিতে সহযোগিতা করেছে?

গৃহকর্তা তারকনাথ ঢালি অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। শুধু জানিয়েছেন, “আমরা প্রায় দশ বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসে থাকছি। বহু বছর ধরে বাংলাদেশ যাইনি।”

এই ঘটনা সামনে আসতেই স্থানীয় মহলে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। অনেকেই প্রশ্ন তুলছেন, “বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকা অবস্থায় এদেশে ভোটাধিকার কীভাবে?” আসন্ন নাগরিকপঞ্জি (NRC) বা এসআইআর (SIR) নিয়ে আতঙ্কও দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

এ বিষয়ে হাবড়া ১ ব্লকের বিডিও সুবীর দণ্ডপাট বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনও সরকারি অভিযোগ পাইনি। তবে অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

পুলিশ সূত্রে খবর, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুরো তদন্তের তত্ত্বাবধান করা হচ্ছে উচ্চপদস্থ কর্তাদের নির্দেশে। প্রশাসনের আশঙ্কা, এই ঘটনা হয়তো আরও বড় নাগরিক পরিচয় জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.