উত্তর ২৪ পরগনার মিনাখাঁতে ঘটে গেল এক হৃদয়বিদারক এবং নিন্দনীয় ঘটনা। রবিবার দুপুরে কুমারজোল এলাকায় ৯০% প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫৫ বছরের এক প্রতিবেশীকে। অভিযুক্তের নাম রহমান মোল্লা।
জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিল ওই যুবতী। কথা বলার ক্ষমতা ছাড়া তার অন্য কোনও অঙ্গই সঠিকভাবে কাজ করে না। সেই অসহায়ত্বকেই নোংরা ফায়দা তুলতে চায় অভিযুক্ত। বাড়ির লোকজন না থাকায় সুযোগের সদ্ব্যবহার করে প্রতিবেশী রহমান মোল্লা চুপিচুপি ঢুকে পড়ে বাড়ির ভিতর। তারপরেই ঘটে এই নারকীয় কাণ্ড।
তবে প্রতিবন্ধী যুবতীর গোঁঙানির আওয়াজেই ফেটে পড়ে মানবিকতার শেষ আশার সুর। আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মিনাখাঁ থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার করে অভিযুক্ত রহমান মোল্লাকে।
ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্যাতিতার পরিবার দাবি করেছে, এমন জঘন্য অপরাধের কঠোরতম শাস্তি হোক ওই নরপিশাচের। ইতিমধ্যেই অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে, নির্যাতিতা যুবতীকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে। এরপরেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—সমাজে নারীর নিরাপত্তা ও প্রতিবন্ধীদের সুরক্ষার প্রশ্নে আমরা কতটা অসহায়।







