শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মুর্শিদাবাদের সুতির মানিকপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে চন্দ্রনাথ রথ গাড়িতে করে ফিরছিলেন। অভিযোগ, পথ আটকে তাঁর গাড়ি থামায় দুষ্কৃতীরা। এরপর গাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলিতে গুরুতর জখম হন চন্দ্রনাথ রথ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি বিজেপির। এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই মুর্শিদাবাদের সুতির মানিকপুরে বিজেপি কর্মী-সমর্থকরা জড়ো হতে শুরু করেন। পরে জাতীয় সড়কের ধারে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তোলেন তাঁরা।
বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি এলাকায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনীও।
এদিন বিজেপি নেতা কৌশিক দাস বলেন, “এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যা। রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।”
ঘটনাকে ঘিরে এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







